২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এনামুলের শতকে কলাবাগান অ্যাকাডেমির জয়

এনামুল হকের অধিনায়কোচিত ব্যাটিংয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে বড় জয় পেয়েছে কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2014, 06:33 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

এনামুলের ১১৩ রানের চমৎকার ইনিংসের পর বোলারদের দাপটে ১৯৭ রানের জয় পায় কলাবাগান। ম্যাচ সেরা এই ব্যাটসম্যানের ১০৪ বলের ইনিংসটি ৭টি ছক্বা ও ১১টি চার সমৃদ্ধ।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে এটাই ছিল প্রিমিয়ার লিগে এনামুলের প্রথম ম্যাচ।

লিগের অষ্টম রাউন্ড শেষে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে লিগে তিন নম্বরে রয়েছে কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমি। রান রেটে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে আবাহনী লিমিটেড।

বৃহস্পতিবার বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৩৩৪ রান করে কলাবাগান।

মাত্র ২২ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বিদায়ে শুরুটা ভালো হয়নি কলাবাগানের। তবে মাহমুদুল হাসানের সঙ্গে ১৯৫ রানের বড় জুটিতে দলকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দেন এনামুল।

৭০ রান করা মাহমুদুলের ৮৭ বলের ইনিংসটি গড়া ৮টি চার ও ১টি ছক্কায়।

তিন রানের ব্যবধানে থিতু হওয়া দুই ব্যাটসম্যান ফিরে গেলেও ফিল মাস্টার্ড (৪২ বলে অপরাজিত ৫৯) ও সাব্বির রহমানের (২২ বলে ৩৩) ঝড়ো ব্যাটিংয়ে সাড়ে তিনশ’ রানের কাছাকাছি যায় কলবাগানের সংগ্রহ।

পারটেক্সের আজিম ৩ উইকেট নেন ৫৫ রানে।

জবাবে ৩৫ ওভার ৫ বলে মাত্র ১৩৭ রানে অলআউট হয়ে যায় পারটেক্স। লিগে এটি তাদের ষষ্ঠ পরাজয়।

সর্বোচ্চ ৪১ রানে অপরাজিত থাকেন শফিউল আলম। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান আসে রবিউল ইসলাম রবির ব্যাট থেকে।

১৬ রানে ৩ উইকেট নিয়ে কলাবাগানের সেরা বোলার বিশ্বনাথ হালদার। ম্যাচে আট বোলার ব্যবহার করেন এনামুল, যাদের সাত জনই উইকেট নেন।