২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক ম্যাচ নিষিদ্ধ সোহাগ গাজী

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে অসদাচরণের দায়ে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের অফস্পিনার সোহাগ গাজী।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2014, 09:36 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

বুধবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আচরণবিধি ভঙ্গ করায় এক ম্যাচ নিষিদ্ধ ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে সোহাগকে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের বিপক্ষে নাঈম ইসলামের করা ৩৭তম ওভারের তৃতীয় বলে এলবিডব্লিউ হয়ে যান সোহাগ।

আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিলে কিছুক্ষণ ক্রিজে দাঁড়িয়ে থাকেন সোহাগ। পরে মাঠ ছাড়ার সময় সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে থাকেন এই অফস্পিনার।

অবৈধ বোলিং অ্যাকশনের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষিদ্ধ সোহাগের। তবে বোলিং অ্যাকশন ঠিক করে নিতে তাকে প্রিমিয়ার লিগে খেলার সুযোগ করে দেয় বিসিবি।

গাজী পরে দোষ স্বীকার করেন এবং ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ রাহুলের দেয়া শাস্তি মেনে নেন।

ম্যাচে ১৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ রানে হারে শেখ জামাল।