২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাঈমের অলরাউন্ড নৈপুণ্যে মোহামেডানের জয়

নাঈম ইসলামের অলরাউন্ড নৈপুণ্যে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে ৮ রানে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2014, 06:11 PM

Updated : 13 Oct 2022, 12:52 PM

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এটি মোহামেডানের চতুর্থ জয় আর শেখ জামালের পঞ্চম হার।

শেষ চার ম্যাচে মাত্র একটি জয় ছিল মোহামেডানের। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ফিরে পেয়ে স্বরূপে ফিরেছে দলটি। ছয় বছর পর ক্রিকেটে মেহরাব হোসেনের প্রত্যাবর্তনের ম্যাচে মাত্র ১৮৬ রানের লক্ষ্য দিয়েও জিতেছে দলটি।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৮৫ রান করে মোহামেডান।

ফেরার ম্যাচে খুব একটা ভালো করতে পারেননি বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে শতক করা মেহরাব। মাত্র ৩ রান করে সোহাগ গাজীর বলে বোল্ড হয়ে যান তিনি। শুরুটা ভালো হয়নি মোহামেডানেরও। মাত্র ১১ রানে প্রথম তিন ব্যাটসম্যানকে হারায় তারা।

মোহাম্মদ মিঠুনের (৩১) সঙ্গে ৬৪ ও জিম্বাবুয়ের অলরাউন্ডার সলোমন মায়ারের (১৯) সঙ্গে ৩২ রানের দুটি জুটি উপহার দিয়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন নাঈম।

৪৩তম ওভারের প্রথম বলে দলীয় ১৩৭ রানে ফেরার আগে ৫৭ রানের চমৎকার এক ইনিংস খেলেন নাঈম। তার বিদায়ের পর আরিফুল হক ছাড়া আর কেউ ভালো করতে না পারায় দুইশ’ পর্যন্ত যায়নি মোহামেডানের সংগ্রহ।

৩৩ রানে ৩ উইকেট নিয়ে শেখ জামালের সেরা বোলার অফস্পিনার সোহাগ।

জবাবে ৪৮ ওভার ৫ বলে ১৭৭ রানে অলআউট হয়ে যায় শেখ জামাল।

অন্য ব্যাটসম্যানরা খুব একটা ভালো না করলেও শাহরিয়ার নাফীসের দৃঢ়তায় এক সময়ে শেখ জামালের স্কোর ছিল ৬ উইকেটে ১৭২ রান।

জয়ের জন্য মাত্র ১৬ রান প্রয়োজন ছিল শেখ জামালের। কিন্তু ১১৫ বলে ১১টি চারের সাহায্যে ৮৯ রান করে নাফীস বিদায় নিলে খেলার চিত্রটা পাল্টে যায়। শূন্য রানে শেষ তিন উইকেট হারিয়ে হার এড়াতে পারেনি দলটি।

ম্যাচ সেরা নাঈম ৩ উইকেট নেন ২১ রানে। অমিত কুমার নেন তিন উইকেট, তার খরচ হয় ৩৫ রান।