২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জয় বাংলাদেশেরই প্রাপ্য’

সফরের শুরুতেই জিম্বাবুয়ের কোচ বলেছিলেন, বাংলাদেশকে সমীহ করেছেন তারা। সিরিজ শেষে স্বাগতিকদের প্রতি শ্রদ্ধা আরো বেড়েছে তার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2014, 12:32 AM

Updated : 25 Apr 2022, 05:03 PM

সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম ওয়ানডে শেষে সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ের কোচ স্টিভেন ম্যানগনগো বলেন, “বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে। তবে হেসে-খেলে জিততে পারেনি তারা। প্রতিটি ম্যাচ জিততে হয়েছে ঘাম ঝরিয়ে।”

ঘরের মাঠে বাংলাদেশকে ভীষণ শক্তিশালী মনে করেন ম্যানগনগো।

“ক্রিকেট খেলার জন্যে বাংলাদেশ অনেক কঠিন জায়গা। নিজেদের মাঠে ওরা সেরা। এখানে তারা যেকোনো দলকে হারাতে পারে।”

তিন ম্যাচের টেস্ট সিরিজ ৩-০ ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৫-০ ব্যবধানে হেরে ভীষণ হতাশ জিম্বাবুয়ের কোচ।

“দুই-একটি ম্যাচে আমরা জয়ের সূবর্ণ সুযোগ পেয়েছিলাম। বিশেষ করে চতুর্থ ম্যাচে, কিন্তু শেষ পর্যন্ত মাত্র ২১ রানে হেরে যাই।”

নিজেদের বোলারদের খেলায় সন্তুষ্ট জিম্বাবুয়ের কোচ।

“আমাদের বোলিং বিভাগের পারফরমেন্সে আমি খুশি। তাদের পারফরমেনসে আমি গর্বিত। পেসাররা প্রতিটি ম্যাচে ভালো করেছে।”