২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষা-নিরীক্ষায় সফল বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে আত্মবিশ্বাস পুনরুদ্ধারের সঙ্গে বিশ্বকাপের আগে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষাও সেরে নিয়েছে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 09:22 PM

Updated : 13 Oct 2022, 12:52 PM

৫-০ ব্যবধানে জেতা সিরিজে বাংলাদেশ দলে অভিষেক হয় চার ক্রিকেটারের। প্রথম ম্যাচে অভিষেক হয় সাব্বির রহমানের। সেই ম্যাচে মাত্র ২৫ বলে অপরাজিত ৪৪ রানের চমৎকার এক ইনিংস খেলে নিজের সামর্থ্যের জানান দেন তিনি।

নাসির হোসেন ছন্দ হারিয়ে ফেলায় সাত নম্বরে একজন ‘ফিনিশার’ খুঁজছে বাংলাদেশ। সাব্বিরের আক্রমণাত্মক ব্যাটিংয়ে অনেকেই তার সমাধান দেখছেন।

টেস্ট সিরিজের চমৎকার পারফরম্যান্সের পর ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচের জন্য ডাক পান তাইজুল ইসলাম। চতুর্থ ওয়ানডের খেলা হয়নি তার। অবশেষে পঞ্চম ওয়ানডেতে অভিষেকেই ইতিহাস গড়েন এই স্পিনার।
মাত্র ১১ রান দিয়ে চার উইকেট নেন এই বাঁহাতি স্পিনার। এই চার উইকেটের তিনটি আবার পরপর তিন বলে নিয়ে হ্যাটট্রিক করেন তিনি, ওয়ানডে অভিষেকে যে কাজটি করতে পারেননি আর কেউ।

পাঁচ ম্যাচেই দলে ছিলেন জুবায়ের হোসেন। তবে অভিষেকের জন্য চতুর্থ ওয়ানডে পর্যন্ত অপেক্ষা করতে হয় বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখা এই লেগস্পিনারের। দলের সবচেয়ে কমবয়সী ক্রিকেটারও হতাশ করেননি। দুই ম্যাচে চার উইকেট নেন তিনি।

অভিষেকে প্রথম ওভারেই উইকেট নেন জুবায়ের। পরে ব্রেন্ডন টেইলর ও সলোমন মায়ারের শতরানের উদ্বোধনী জুটি ভাঙেন তিনি। পরের ম্যাচে হ্যামিল্টন মাসাকাদজা ও টিমিসেন মারুমাকে বোল্ড করেন তিনি।

সিরিজের পঞ্চম ম্যাচে অভিষেক হয় পেসঅলরাউন্ডার সৌম্য সরকারের। স্পিনারদের তাণ্ডবে বোলিংয়ের সুযোগই হয়নি তার। ব্যাটিংয়ে ভালো শুরু করেও নিজের ইনিংস খুব একটা বড় করতে পারেননি তিনি। ২০ রান করে ফিরে যান তিনি।

প্রথম দুই ম্যাচে একই দল খেলায় বাংলাদেশ। তৃতীয় ম্যাচে দলে একটি পরিবর্তন আনে বাংলাদেশ। আর সিরিজ নিশ্চিত হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা শুরু করে স্বাগতিকরা।

সেই সব পরীক্ষা-নিরীক্ষাও সফল হয়েছে। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানান, দলে আসা প্রত্যেকে নিজের কাজ জানেন। সবাই ভালো করেই দলে এসেছেন। আর বিশ্বকাপের আগে খেলোয়াড়দের একটু দেখে নিতেই হবে।

জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ সফল ছিলেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। এই সিরিজে ছিলেন না তিনি।

অবৈধ বোলিং অ্যাকশনের কারণে অফস্পিনার সোহাগ গাজীকেও আপাতত পাচ্ছে না বাংলাদেশ। কিন্তু তার অভাব বুঝতেই দেননি আরাফাত সানি। তিন ম্যাচে মাত্র ৭.৮০ গড়ে ১০ উইকেট নেন তিনি।

অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে বিশ্বকাপের জন্য পেস অলরাউন্ডার খুঁজছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেকে ১০ নম্বরে নেমে শতক করা আবুল হাসানে অনেকেই সেই সমস্যার সমাধান দেখছেন।

শেষ দুটি ওয়ানডেতে খেলেন হাসান। চোট কাটিয়ে এক বছরের বেশি সময় পড়ে দলে ফেরা এই অলরাউন্ডার ছন্দে ফিরতে আরেকটু সময় নেবেন বলে মনে করেন মাশরাফি।

ব্যাটিং অর্ডার নিয়েও পরীক্ষা-নিরীক্ষা করেছে বাংলাদেশ। অধিনায়ক জানান, উদ্বোধনী জুটির স্থায়ীত্বের ওপর নির্ভর করবে পরের ব্যাটসম্যানদের ব্যাটিং অর্ডার।