নাসির, লিটন, রকিবুলের ব্যাটে আবাহনীর জয়
জাতীয় দল থেকে বাদ পড়া নাসির হোসেন ঘরোয়া লিগে আবারও জ্বলে উঠছেন। তার সঙ্গে লিটন কুমার ও রকিবুল হাসানও অর্ধশতক করায় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বড় জয় পেয়েছে আবাহনী লিমিটেড।
ওল্ড ডিওএইচএসকে ১৬৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ঢাকার ঐতিহ্যবাহী দলটি।
এবারের আসরে এখন পর্যন্ত জিততে পারেনি ওল্ড ডিওএইচএস।
সোমবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে কুয়াশার কারণে একটু দেরিতে খেলা শুরু হয়। তাই ম্যাচ নেমে আসে ৪৯ ওভারে।
টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৯৭ রান করে আবাহনী।
লিটন ৬১ বলে ১০টি চার ও ১ ছক্কায় ৬৬ রান করেন। রকিবুল ৭৩ বলে ৭টি চার ও ১টি ছক্কায় ৫৬ রান করেন।
আর নাসির ৪৯ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলতে ৪টি চার এবং ৩টি ছক্কা মারেন। টানা দুই ম্যাচে অর্ধশতক করলেন তিনি।
ওল্ড ডিওএইচএসের নেহাদুজ্জামান ৫৩ রানে ২ উইকেট নেন।
বিশাল লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই পথ হারায় ওল্ড ডিওএইচএস। ৪০ রানে ৬ উইকেট হারানোর পর জয়ের আশাও শেষ হয়ে যায় তাদের। শেষ পর্যন্ত ৪৫.৩ ওভারে ১৩১ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। সর্বোচ্চ ৪৩ রান করেন নেহাদুজ্জামান।
প্রতিপক্ষকে অল্প রানে বেধে ফেলতে নাজমুল অপু ১৩ রানে ৩ উইকেট নেন।
এই জয়ে সাত ম্যাচে আবাহনীর পয়েন্ট হলো ১০। আর সব ম্যাচ হারা ওল্ড ডিওএইচএসের পয়েন্ট শূন্য।
