২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দাপটের সঙ্গে ওয়ানডে দলে ফিরলেন ইউনুস

দুটি টেস্ট সিরিজে দারুণ খেলা ইউনুস খানকে কিউইদের বিপক্ষে ওয়ানডে দলে ফিরিয়েছে পাকিস্তান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 04:21 PM

Updated : 13 Oct 2022, 12:52 PM

নিউ জিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম দুটি ওয়ানডের দল ঘোষণা করেছে পাকিস্তানের নির্বাচকরা। ম্যাচ দুটি হবে ৮ ও ১২ ডিসেম্বর।

ওয়ানডে দল থেকে বাদ পড়ার জবাবটা ব্যাট হাতেই দিয়েছেন ৩৭ বছর বয়সী ইউনুস খান। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে গত পাঁচ টেস্টে ৪টি শতকসহ ৭১৭ রান করেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

ওয়ানডে দলে আরো ফিরেছেন নাসির জামশেদ। এক বছর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওয়ানডে খেলেন এই উদ্বোধনী ব্যাটসম্যান।

ওয়ানডে সিরিজের আগে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার দু’টি টি-টোয়েন্টিও খেলবে দল দুটি।

এই সিরিজের জন্য ১৪ সদস্যের আলাদা দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন উমর গুল, হারিছ সোহেল এবং সরফরাজ আহমেদ।

প্রথম দুই ওয়ানডের জন্য পাকিস্তান দল: মিসবাহ-উল-হক (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, আহমেদ শেহজাদ, আসাদ সফিক, বিলওয়াল ভাটি, হারিছ সোহেল, মোহাম্মদ ইরফান, নাসির জামশেদ, সরফরাজ আহমেদ, শহীদ আফ্রিদি, সোহেল তানভির, উমর আকমল, উমর গুল, ওয়াহাব রিয়াজ, ইউনুস খান, জুলফিকর বাবর।

টি-টোয়েন্টির পাকিস্তান দল: শহীদ আফ্রিদি (অধিনায়ক), আহমেদ শেহজাদ, আনোয়ার আলি, মোহাম্মদ হাফিজ, হারিছ সোহেল, মোহাম্মদ ইরফান, ওয়াইজ জিয়া, রাজা হাসান, সাদ নাসিম, সরফরাজ আহমেদ, সোহেল তানভির, উমর আকমল, উমর গুল, উয়াহাব রিয়াজ।