এবার কলাবাগান একাডেমির কাছে রূপগঞ্জের হার
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে হঠাৎ করেই যেন পথ হারিয়ে ফেলেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমির কাছে তিন উইকেটে হেরে গেছে দলটি।
লিগের প্রথম পাঁচ রাউন্ডের সবকটিতে জেতার পর এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচ হারলো রূপগঞ্জ। গতবারের চ্যাম্পিয়ন গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সই নাম বদলে লিজেন্ডস অব রূপগঞ্জ হয়েছে।
রোববার সাভারে বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে উইকেট ধরে রাখলেও দ্রুত রান তুলতে পারেনি রূপগঞ্জ। পরে পেসার শরিফের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা।
শেষ পর্যন্ত জহুরুল ইসলাম এবং আশার জাইদির অর্ধশতকে শেষ বলে অলআউট হওয়ার আগে ১৯৪ রান করে রূপগঞ্জ। জহুরুল ৯৬ বলে ৫৮ এবং জাইদি ৫০ বলে ৫৫ রান করেন।
প্রতিপক্ষকে অল্প রানে গুটিয়ে দিতে ৪৬ রানে চার উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শরিফ।
অল্প রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরু করে কলাবাগান। ইরফান শুক্কুর এবং ইমতিয়াজ হোসেন ১৩২ রানের উদ্বোধনী জুটি গড়েন।
শুক্কুর ১২১ বলে ৮০ এবং ইমতিয়াজ ১০১ বলে ৬৪ রান করেন। এই দুই জন আউট হয়ে যাওয়ার পর দ্রুত কয়েকটা উইকেট হারালেও পঞ্চম জয় পেতে সমস্যা হয়নি কলাবাগানের, পাঁচ বল হাতে রেখে সাত উইকেটে লক্ষ্যে পৌছে যায় তারা।
রূপগঞ্জের পক্ষে ৩১ রানে দুই উইকেট নেন শহীদ।
