২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাহেলা, সাঙ্গায় শ্রীলঙ্কার জয়

দুই বন্ধু মাহেলা জয়াবর্ধনে আর কুমার সাঙ্গাকারার ব্যাটে সহজ জয় পেয়েছে শ্রীলঙ্কা। দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে ৭ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2014, 08:41 PM

Updated : 13 Oct 2022, 12:52 PM

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে খুব বেশি রান করতে পারেনি ইংল্যান্ড। ৪৩ ওভারে ১৮৫ রানে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস।

শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারানো ইংল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি রান করেন রবি বোপারা। ৬৯ বলে ৫১ রানের লড়াকু ইনিংসে একটি মাত্র চার মারেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান আসে জো রুটের ব্যাট থেকে।

শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন অজান্তা মেন্ডিস। ৭ ওভার বল করে ৩৩ রান দেন তিনি। দুটি করে উইকেট নেন তিলকারত্নে দিলশান ও ধাম্মিকা প্রসাদ।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৩৭ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। তবে দলকে কোনো বিপদে পড়তে না দিয়ে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে দেন জয়াবর্ধনে ও সাঙ্গাকারা।

ওয়ানডেতে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ১৩ হাজার রান করার জন্য ৮০ রানের লক্ষ্য নিয়ে খেলতে নামা সাঙ্গাকারা অপরাজিত ৬৭ রান করেন। ৯৩ বলের ইনিংসটি ৮টি চারে সাজান তিনি।

৮০ বলে খেলা অপরাজিত ৭৭ রানের ইনিংসে জয়াবর্ধনে মারেন ৮টি চার ও একটি ছয়।

এই দুই বন্ধুর অবিচ্ছিন্ন ১৪৯ রানের তৃতীয় উইকেট জুটিতে ৬৪ বল বাকি থাকতে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৮৬ রান তুলে নেয় শ্রীলঙ্কা।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ৪৩ ওভারে ১৮৫ (কুক ২২, আলি ২, বেল ১১, রুট ৪২, মরগ্যান ১৭, বোপারা ৫১, বাটলার ৭, ওকস ১৫, ট্রেডওয়েল ৯৮, ফিন ০, গার্নি ১; মেন্ডিস ৩/৩৩, প্রসাদ ২/২৬, দিলশান ২/৩২, পেরেরা ১/১৬, ম্যাথিউস ১/২৩, হেরাথ ১/৪০)।

শ্রীলঙ্কা: ৩৪.২ ওভারে ১৮৬/২ (দিলশান ২৬, পেরেরা ৯, সাঙ্গাকারা ৬৭*, জয়াবর্ধনে ৭৭*; ফিন ১/৩৫, আলি ১/৩৮)।

ফল: শ্রীলঙ্কা ৮ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা: মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা)।

সিরিজ: ৭ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ২-০ ব্যবধানে এগিয়ে।