২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছক্কার রেকর্ড ভাঙল নিউ জিল্যান্ড

পাকিস্তানের বিপক্ষে শারজাহ টেস্টে অনন্য একটি রেকর্ড নিজেদের করে নিয়েছে নিউ জিল্যান্ড। টেস্ট ক্রিকেটের এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড গড়েছে ব্রেন্ডন ম্যাককালামের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2014, 08:11 PM

Updated : 22 Aug 2022, 07:59 PM

শনিবার শারজাহ টেস্টের তৃতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ১৮তম ছক্কা মেরে রেকর্ডটি নিজেদের করে নেয় নিউ জিল্যান্ড। তৃতীয় দিনের খেলা শেষে নিউ জিল্যান্ডের মোট ছক্কা ১৯টি। ৮ উইকেটে ৬৩৭ রান নিয়ে দিনের খেলা শেষ করে সফরকারীরা।

এর আগে টেস্ট ক্রিকেটের এক ইনিংসে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার। ২০০৩ সালে পার্থে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ১৭টি ছয় মেরেছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান।

পার্থের ওই ম্যাচে ৩৮০ রান করা ম্যাথু হেইডেন একাই ১১টি ছক্কা মেরেছিলেন। ১১৩ রান করা গিলক্রিস্ট মারেন ৪টি ছয়।

পাকিস্তানের বিপক্ষে নিউ জিল্যান্ডের ছক্কার রেকর্ড গড়ায় নেতৃত্ব দেন ম্যাককালাম। নিউ জিল্যান্ডের অধিনায়ক তার ২০২ রানের ইনিংসটিতে ছক্কা মারেন ১১টি।

টেস্ট ক্রিকেটে এক ইনিংসে কোনো ব্যাটসম্যানের সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডটি পাকিস্তানের ওয়াসিম আকরামের। জিম্বাবুয়ের বিপক্ষে শেখুপুরা টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ২৫৭ রান করার পথে ১২টি ছক্কা মারেন এই অলরাউন্ডার।