জিম্বাবুয়ের সঙ্গে ব্যবধান বাড়াল বাংলাদেশ
প্রথম দুই টেস্টে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জিতেই আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি নিশ্চিত করেছিল বাংলাদেশ। চট্টগ্রাম টেস্ট জিতে অতিথিদের হোয়াইটওয়াশ করার পর রেটিং পয়েন্ট আরো বাড়িয়ে নিয়েছে মুশফিকুর রহিমের দল।
টেস্ট র্যাঙ্কিংয়ে জিম্বাবুয়ের চেয়ে এখন ১৪ রেটিং পয়েন্টে এগিয়ে আছে বাংলাদেশ।
৩ টেস্টের সিরিজ ৩-০ ব্যবধানে জেতার পর নয় নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৩২। সিরিজ শুরুর আগে র্যাঙ্কিংয়ে জিম্বাবুয়ের পরে ১০ নম্বরে ছিল বাংলাদেশ। তাদের রেটিং পয়েন্ট ছিল ১৯।
২০১৭ সালের ৩১ ডিসেম্বরে অথবা সে সময় চলতে থাকা কোনো সিরিজ শেষ হওয়ার পর আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের দশম দলটি সহযোগী দেশগুলোর প্রতিযোগিতা ইন্টারকন্টিনেন্টাল কাপের বিজয়ী দলের বিপক্ষে পাঁচ দিনের চারটি ম্যাচ খেলবে।
২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৯ নম্বর অবস্থান ধরে রাখতে পারলে সহযোগী দেশগুলোর টেস্ট মর্যাদা পাওয়ার লড়াই ‘আইসিসি টেস্ট চ্যালেঞ্জে’ খেলতে হবে না বাংলাদেশের।
