২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেইলরের কাছে ব্যবধান ‘বিশ্বমানের’ স্পিন

টানা তিন ম্যাচ হেরে ভীষণ হতাশ জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলর মনে করছেন, বাংলাদেশের বিশ্বমানের স্পিনাররাই দুই দলের মধ্যে ব্যবধান গড়ে দিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2014, 08:23 PM

Updated : 22 Aug 2022, 07:52 PM

ঢাকায় ৩ উইকেটে, খুলনায় ১৬২ রানে হারের পর চট্টগ্রামে ১৮৬ রানে হারে জিম্বাবুয়ে।

রোববার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে টেইলর বলেন, “স্পিনাররাই ব্যবধান গড়ে দিয়েছে। তারা বিশ্বমানের কয়েকজন স্পিনার পেয়েছে। এদিক থেকে আমরা পিছিয়ে আছি।”

সিরিজে জিম্বাবুয়ের ৬০ উইকেটের ৪৯টি উইকেটই নেন বাংলাদেশের স্পিনাররা। কোনো টেস্টেই বাংলাদেশকে দুইবার অলআউট করতে পারেনি অতিথিরা।

টেইলর মনে করেন, শ্রেয়তর দল হিসেবেই বাংলাদেশ ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে।

“বাংলাদেশ পুরো সিরিজে ভালো ক্রিকেট খেলেছে। তাদের পারফরমেন্স আমাদের পেছনে ফেলে দিয়েছে। শেষ দুই টেস্টে প্রথমে ব্যাটিং করে সাড়ে চারশ ও পাঁচশ’ রান করে আমাদের চাপে ফেলে দেয় তারা। আমরা সর্বাত্মক চেষ্টা করেছি, কিন্তু তারা ভালো খেলেছে আর ফলও পেয়েছে।”

ঢাকায় প্রথম টেস্টে বাংলাদেশকে ১০১ রানের ছোট্ট লক্ষ্য দিয়েও প্রাণপণ লড়াই করেছিল জিম্বাবুয়ে। মাত্র ৩ উইকেটে হেরে যাওয়া সেই ম্যাচটির ফল উল্টো হলে পুরো সিরিজটিই অন্যরকম হত বলে মনে করেন জিম্বাবুয়ের অধিনায়ক।

টেস্ট সিরিজে পুরোপুরি ব্যর্থ ছিলেন জিম্বাবুয়ের স্পিনাররা। তবে পেসাররা বেশ সাফল্য পেয়েছেন। টেইলর আশাবাদী ওয়ানডে সিরিজেও ভালো করার এই ধারাবাহিকতা ধরে রাখবেন পেসাররা।

“আমরা ওয়ানডে সিরিজের দিকে তাকিয়ে আছি। আমাদের ব্যাটিংয়ে আরো উন্নতি করতে হবে। আমাদের পেসারা টেস্ট সিরিজে ভালো করেছে। আমার বিশ্বাস, একদিনের সিরিজে তারা বেশ কার্যকর হবে।”