বোনের জন্য মুমিনুলের শতক
দারুণ একটি শতক করার পর তা বোনকে উৎসর্গ করেছেন মুমিনুল হক। তার ছোটো বোন নিজের জন্মদিনে ভাইয়ের ব্যাটে একটি শতক দেখতে চেয়েছিলেন।
খুলনা টেস্টে না পারলেও চট্টগ্রামে শতক করে বোনের চাওয়া পূরণ করলেন মুমিনুল হক।
শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে অপরাজিত ১৩১ রানের চমৎকার ইনিংস খেলেন মুমিনুল। চতুর্থ দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সাংবাদিকদের সামনে আসা এই বাঁহাতি ব্যাটসম্যান জানান, তার চতুর্থ শতকটি ছোট বোনের জন্য।
“ঢাকা টেস্টের পরপরই আমার ছোট বোনের জন্মদিন ছিল। আমি উপহারের কথা জানতে চাইলে সে একটা শতক চেয়েছিল। আমি জানি, আমার ছোট বোন আজ অনেক খুশি হয়েছে।”
১২ টেস্টের ছোট্ট ক্যারিয়ারে চারটি শতক পাওয়া মুমিনুল জানান, বারবার অর্ধশতকের পর আউট হয়ে গেলেও তার ওপর বাড়তি কোনো চাপ ছিল না।
“একটু কাজ করলাম, চিন্তা ভাবনা করলাম, এভাবেই শতক হয়ে গেল। উইকেট ভালো ছিল। আমি চেষ্টা করছিলাম একটু আক্রমণাত্মক খেলার। আজকের পুরো ইনিংসে আমার নেতিবাচক বিষয়গুলো কম ছিল।”
