২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলাবাগানের প্রথম জয়

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে এসে প্রথম জয় পেয়েছে কলাবাগান ক্রিকেট একাডেমি। শনিবার ওল্ড ডিওএইচএসকে ১১ রানে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2014, 06:56 PM

Updated : 25 Apr 2022, 04:58 PM

আর ডিওএইচএসের এটি টানা দ্বিতীয় হার।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি কলাবাগানের। ৩৯ রানে চার উইকেট হারিয়ে ফেলে তারা।

এরপর মাহমুদুল হাসান ও জীবন মেন্ডিসের ব্যাটে ঘুরে দাঁড়ায় দলটি। দুই জনে মিলে পঞ্চম উইকেটে ১১৯ রান যোগ করেন। শেষ পর্যন্ত তিন বল বাকি থাকতে ২৩১ রানে গুটিয়ে যায় কলাবাগানের ইনিংস।

মেন্ডিস ৯৮ বলে ৬২ এবং অধিনায়ক মাহমুদুল হাসান ১০৩ বলে ৫৪ রান করেন। লড়াই করার মতো ইনিংস গড়তে শেষ দিকে শরীফের ১৮ বলে অপরাজিত ৩৩ রানের ঝড়ো ইনিংসের অবদানও কম নয়।

ডিওএইচএসের পক্ষে নেহাদুজ্জামান ৬১ রানে তিন উইকেট নেন।

জবাবে শুরুটা খারাপ ছিল না ডিওএইচএসের। দলীয় ৩৪ রানে প্রথম উইকেট হারালেও শাহনাজ আহমেদ ও শেহান জয়াসুরিয়ার দারুণ ব্যাটিং জয়ের স্বপ্ন দেখাচ্ছিল দলটিকে।

দ্বিতীয় উইকেটে ওই দুই জনে মিলে ১১৫ রান যোগ করেন। শাহনাজ ৯১ বলে ৭২ এবং জয়াসুরিয়া ৬৯ বলে ৭৪ রান করেন। কিন্তু তাদের বিদায়ের পর পথ হারিয়ে ফেলে ডিওএইচএস।

শেষের দিকে আর কেউ উইকেটে দাঁড়াতে না পারায় ৪৯ ওভারে ২২০ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। ২৭ রানের মধ্যে শেষ সাতটি উইকেট হারায় তারা।

ব্যাট হাতে সাফল্যের পর বল হাতেও দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন শ্রীলঙ্কার ক্রিকেটার মেন্ডিস। ৪৬ রানে ৪ উইকেট নেন তিনি।