বিশ্বরেকর্ড গড়তে রোহিতের দর্শন
বড় ইনিংস খেলতে হলে গুরুত্বপূর্ণ কোন কাজটা করতে হবে? একেক জনের কাছে হিসেবটা হয়ত একেক রকম। রোহিত শর্মার মতে, দলের ইনিংস বড় করার কথা ভাবতে হবে। ওয়ানডেতে ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি রান করার পথে এ লক্ষ্য নিয়েই ব্যাট করেছিলেন ভারতের এই উদ্বোধনী ব্যাটসম্যান।
বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেন্সে ১৭৩ বলে ২৬৪ রান করেন রোহিত। তার অসাধারণ ইনিংসের সাহায্যে শ্রীলঙ্কাকে ১৫৩ রানের বিশাল ব্যবধানে হারায় ভারত।
আর প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে দ্বিতীয় দ্বিশতক গড়লেন রোহিত। ২০১৩ সালের নভেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০৯ রান করে ওয়ানডে ক্রিকেটের তৃতীয় এবং নিজের প্রথম দ্বিশতকটি করেছিলেন রোহিত।
ইডেনের দর্শকদের বিস্ময়াভিভূত করে দারুণ ইনিংসটি গড়ার পর রোহিত বলেন, “স্কোর কত, কত ওভার শেষ হয়েছে এবং একেক জন বোলারের কত ওভার করে বাকি আছে সেদিকে লক্ষ্য রাখাটা গুরুত্বপূর্ণ। আমি মনে করি, আপনি যখন ব্যাট করছেন তখন এটা নিয়ে চিন্তা করাটা খুবই গুরুত্বপূর্ণ আর এটাই আমি করেছি।”
ইডেনের উইকেটটা ব্যাটিংয়ের জন্য একেবারে আদর্শ ছিল। তাই জয়ের জন্য অনেক বড় ইনিংস প্রয়োজন ছিল বলে মনে করেন রোহিত।
“পঞ্চাশ করার পর আমি জানতাম, ইনিংসটাকে আমার বড় করতে হবে। কারণ এটা ভালো ব্যাটিং উইকেট ছিল। এখানে ৩০০-৩৫০ রান সহজেই তাড়া করা যায়।”
এ কারণেই ভারতের বড় ইনিংস গড়ার লক্ষ্য ছিল বলে জানান রোহিত। আর ওই ইচ্ছেটাই নাকি তাকে অনেকক্ষণ উইকেটে টিকিয়ে রাখতে সাহায্য করেছে।
আঙুল এবং কাঁধের চোট কাটিয়ে আড়াই মাসের মধ্যে জাতীয় দলের হয়ে প্রথম খেলতে নেমেই বাজিমাত করলেন রোহিত। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচে ১১১ বলে ১৪২ রান করে রাজকীয় প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। প্রতিযোগিতামূলক ম্যাচে নেমে ছাড়িয়ে গেলেন সবাইকে।
বৃহষ্পতিবার ইনিংসের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত খেললেন। নুয়ান কুলাসেকারার করা শেষ ওভারের শেষ বলে মাহেলা জয়াবর্ধনের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৩৩টি চার ও ৯টি ছক্কা মারেন। এত লম্বা একটা ইনিংস খেলেও নাকি ক্লান্ত হননি তিনি। জানান, এ অবস্থায় আরো ৫০ ওভার ব্যাট করতে পারতেন।
