২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিতের ইতিহাস গড়া ম্যাচে ভারতের সহজ জয়

এক রোহিত শর্মার কাছেই যেন হেরে গেল শ্রীলঙ্কা। ভারতের চারশ’ ছাড়ানো রানের স্কোর তাড়া করা তো দুরের কথা, রোহিতের বিশ্বরেকর্ড গড়া ইনিংসের সমান রানই যে করতে পারেনি অতিথি দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2014, 11:16 PM

Updated : 13 Oct 2022, 12:47 PM

পাঁচ ম্যাচের সিরিজের চতুর্থ ওয়ানডে ১৫৩ রানে জিতেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেনসে ১৭৩ বলে ২৬৪ রানের ইনিংস খেলেন রোহিত। এটাই ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি ব্যক্তিগত রান। তার এই অসাধারণ ইনিংসে ভর করে ভারত পাঁচ উইকেট হারিয়ে করে ৪০৪ রান।

রোহিত শর্মার অমন ইতিহাস গড়ার পর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টানা চতুর্থ জয় তুলে নেয় ভারত। ৪৩.১ ওভারে ২৫১ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।

পঞ্চমবারের মতো ওয়ানডেতে চারশ’ রানের বেশি ইনিংস দাঁড় করালো ভারত। কোনো দলই দুইবারের বেশি এত বড় ইনিংস গড়তে পারেনি।

টস জিতে ব্যাট করতে নামা ভারতের ইনিংসের শুরুটা মোটেও আহামরি ছিল না। ১৩ ওভারে ৫৯ রান করতে দুই উইকেট হারায় তারা, অজিঙ্কা রাহানে ২৮ এবং আম্বাতি রাইডু ৮ রান করে ফিরে যান।

এরপরই ধীরে ধীরে ফুটে উঠতে থাকে রোহিতের দানবীয় রূপ। তৃতীয় উইকেটে বিরাট কোহলির সঙ্গে ২০২ রানের জুটি গড়েন রোহিত। যার মধ্যে অধিনায়ক কোহলি করেন ৬৬ রান। রানআউট হয়ে কোহলির বিদায়ের ১৫ রান পর ফিরে যান সুরেশ রায়না, ১১ রান করেন তিনি। তখন ভারতের স্কোর ৪০.২ ওভারে ২৭৬/৪।

এরপর অতিথি বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা শুরু করেন রোহিত। রবিন উথাপ্পার সঙ্গে বাকি ৫৮ বলে ১২৮ রানের বিধ্বংসী জুটি গড়েন তিনি।

এই সময় উদ্বোধনী এই ব্যাটসম্যান কতটা দুর্দান্ত ছিলেন তা উথাপ্পার রান দেখলেই বোঝা যায়; ১৬ বলে ১৬ রান করেন উথাপ্পা। বাকি রান একাই করেন রোহিত।

২২৫ মিনিট স্থায়ী চমৎকার ইনিংসটি খেলার পথে মোট ৩৩টি চার ও ৯টি ছক্কা মারেন রোহিত। নুয়ান কুলাসেকারার ওভারে ইনিংসের শেষ বলে মাহেলা জয়াবর্ধনের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন রোহিত।

ওয়ানডেতে দুইবার দ্বিশতক গড়ার অনন্য কীর্তি নেই আর কারো। এর আগে ২০১৩ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০৯ রান করেছিলেন রোহিত।

ভারত ওই বিশাল স্কোর গড়ার পরেই মূলত খেলার সম্ভাব্য ফল নির্ধারণ হয়ে যায়। যা একটু অনিশ্চয়তা বাকি ছিল তাও শেষ হয়ে যায় ১০ ওভারের মধ্যেই। দশম ওভারের চতুর্থ বলে তিলকরত্নে দিলশান যখন ফিরে যান, তখন তাদের স্কোর ৪৮/৪।

এরপর অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের ৭৫ এবং লাহিরু থিরিমান্নের ৫৯ রান শুধু হারের ব্যবধানই কমায়।

৩৪ রানে ৪ উইকেট নিয়ে ভারতের সফলতম বোলার ধাওয়াল কুলকার্নি।

আর ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়ার পর ম্যাচ সেরার পুরস্কারটা যে রোহিতের হাতেই উঠবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৪০৪/৫ (রাহানে ২৮, রোহিত ২৬৪, রাইডু ৮, কোহলি ৬৬, রায়না ১১, উথাপ্পা ১৬*; ম্যাথিউস ২/৪৪, এরাঙ্গা ১/৭৭, কুলাসেকারা ১/৮৯)

শ্রীলঙ্কা: ২৫১ (পেরেরা ০, দিলশান ৩৪, চান্দিমাল ৯, জয়াবর্ধনে ২, ম্যাথিউস ৭৫, থিরিমান্নে ৫৯, পেরেরা ২৯, প্রসন্ন ১১, কুলাসেকারা ০, মেন্ডিস ৪, এরাঙ্গা ১২*; কুলকার্নি ৪/৩৪, যাদব ২/৩৮, প্যাটেল ২/৫১, বিনি ২/৫৫)

ম্যাচ সেরা: রোহিত শর্মা