২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজার কাছে চট্টগ্রাম টেস্টে ফল সম্ভব

চট্টগ্রাম টেস্টের দুই দিনে মাত্র ১১ উইকেট পড়েছে। দুই দল মিলিয়ে হয়েছে ৬১৬ রান। তবুও তৃতীয় টেস্টে ফল আসা সম্ভব বলে মনে করছেন জিম্বাবুয়ের উদ্বোধনী ব্যাটসম্যান সিকান্দার রাজা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2014, 07:51 PM

Updated : 13 Oct 2022, 12:47 PM

বৃহস্পতিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে আসা রাজা বলেন, “আমার মনে হয়, এই ম্যাচে ফল আসবে। সেটা আমাদের পক্ষে হতে পারে; আমরা জেতার মতোই খেলছি।”

বাংলাদেশের ৫০৩ রানের জবাবে দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ১ উইকেটে ১১৩ রান। এখনো ৩৯০ রানে পিছিয়ে রয়েছে অতিথিরা।

“আমাদের লম্বা সময় ব্যাট করতে হবে। আশা করি, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বল নিচু হবে। তখন যে কোনো কিছুই হতে পারে।”

দ্বিতীয় দিন মাত্র ২০০ রানে বাংলাদেশের শেষ ৮ উইকেট নেয় জিম্বাবুয়ে। বোলারদের এই সাফল্যই স্বপ্ন দেখাচ্ছে রাজাকে।

“২ উইকেটে ৩০৩ রান নিয়ে খেলা শুরু করেছিল ওরা। কে ভেবেছিল, পাঁচশ রানে অলআউট হবে ওরা। এর মধ্যে ৫০ রান আবার এসেছে শেষ উইকেট জুটিতে। তা না হলে, এটা ৪৬০ রানও হতে পারত।”

জিম্বাবুয়ে ইনিংসের দ্বিতীয় ওভারেই ব্রায়ান চারিকে ফিরিয়ে দেন রুবেল হোসেন। এরপর অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে ১০৪ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়েন রাজা ও হ্যামিল্টন মাসাকাদজা। “বাংলাদেশ হয়তো কয়েকটি বেশি উইকেট চেয়েছিল। তবে ১ উইকেটে আমরা ১১৩ রান করেছি। এটা আমাদের আত্মবিশ্বাস যোগাবেই। আশা করি, পরের দিনগুলোতে এই ধারাবাহিকতা ধরে রাখতে পারবো।” বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসা পেসার রুবেল জানান, পিচে এখনো বোলারদের জন্য কিছু নেই। পুরোপুরি ব্যাটিং সহায়ক পিচে উইকেট নিতে ঘাম ঝরাতে হবে বোলারদের। তবে রাজা মনে করেন, দ্বিতীয় দিনই কিছুটা সহায়তা পেয়েছেন বোলাররা। “এখনই কিছু ফাটল তৈরি হয়েছে। কিছু নিচু হচ্ছে, কিছু লাফিয়ে উঠছে। কাল খেলা কিছুটা ভিন্ন হতে পারে বলে মনে করছি।” তামিম ইকবাল-ইমরুল কায়েসের ২২৪ রানের বিশাল উদ্বোধনী জুটির পর দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি গড়েন রুবেল ও জুবায়ের হোসেন। দশম উইকেটের এই জুটি অতিথিদের খুব হতাশ করেছিল বলে জানান রাজা। “প্রথম ছক্কাটা সে (রুবেল) আমার বলে হাঁকিয়েছিল। টেল এন্ডার একজন ব্যাটসম্যানকে তুমি দ্রুত আউট করতে চাইবে; কিন্তু তার সব শট বাইরে গিয়ে পড়া খুবই হতাশাজনক।”