২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আমি ঈশ্বর নই, সাধারণ শচীন'

ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার তার জীবনটাকে ভাগ করেছেন দুই ভাগে। ক্রিকেট জীবন আর ক্রিকেট পরবর্তী জীবন। ক্রিকেটকে বিদায় জানানো টেন্ডুলকার তার দুই জীবনের গল্প বলেছেন 'বিবিসি'কে দেয়া এক সাক্ষাৎকারে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2014, 08:30 PM

Updated : 13 Oct 2022, 12:47 PM

অবসরের পরের জীবন:

অবসরের পরের জীবনটা ব্যস্ততার; কিন্তু আমি উপভোগ করছি। জীবনের বিভিন্ন দিকগুলো জানতে শুরু করেছি আমি। আমি শুধু ক্রিকেটেই মনোযোগ দিয়েছি, আর কিছুতে নয়। আমি মনে করি, আমার জীবনের প্রথম ইনিংস ছিল ক্রিকেট খেলা এবং নিজের স্বপ্নের পেছনে ছোটা। আমার স্বপ্নটি ছিল, বিশ্বকাপ জয়। আর জীবনের দ্বিতীয় ইনিংস, ক্রিকেট ছাড়ার পরের বছরগুলো আমার শুভকামনা করা মানুষগুলোর জন্য কিছু ফিরিয়ে দেয়ার চেষ্টার।

সেরা মুহূর্ত:

বিশ্বকাপ জেতাটা ছিল আমার স্বপ্ন। আমি ধৈর্যশীল ছিলাম। আমি বিশ্বকাপ জিততে ২২ বছর অপেক্ষা করতে চাইনি। কয়েকবারই আমরা কাছাকাছি গিয়েছি। অবশেষে, ২০১১ সাল ছিল আমার ক্যারিয়ারের সোনালী মুহূর্ত। আমার ক্যারিয়ারে এটাই সেরা মুহূর্ত। পুরো জাতির উদযাপন আর নাচার সময় মাঠে থাকতে পারা; আমি কতটা রোমাঞ্চিত ছিলাম বর্ণনা করতে পারব না। এটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।

প্রত্যাশার চাপ সামলানো:

ক্রিকেট খেলাটা কখনো বোঝা ছিল না। মাঠে খেলতে নামাটা ছিল আনন্দের। মানুষ আমার কাছে অনেক প্রত্যাশা করতো এবং আমি সেটা উপভোগ করেছি। এটা আমাকে মাঠে নামার জন্য অনুপ্রাণিত করত। মাঠে গিয়ে একবার দাঁড়ালে আমি চাপের কথা ভুলে যেতাম। শুধুই ব্যাট আর বল থাকত আমার মনে। 

দেবতাতুল্য:

মানুষ আমাকে পছন্দ করে আর আমাকে ভালোবাসে বলে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। এটা বিশেষ ব্যাপার। আমার মনে হয়, আমি আশীর্বাদপুষ্ট। ঈশ্বর আমার প্রতি দয়ালু ছিলেন। আমি ক্রিকেটের ঈশ্বর নই। আমি মাঠে অনেক ভুল করেছি। ক্রিকেট খেলতে আমি ভালোবাসি, কিন্তু আমি সাধারণ শচীন।

স্নায়ুচাপ সামলানো:

স্কুল জীবন থেকেই আমি নার্ভাস মানুষ ছিলাম। আমার ক্যারিয়ারের শেষের দিকে নিজেকে আমি ভালোভাবে বুঝতে পারি এবং বলি 'আমি এরকমই'। ম্যাচের আগে বিনিদ্র রাত কাটানোর অভ্যাস আছে আমার। পরের দিনটিতে কেমন খেলতে যাচ্ছি তা নিয়ে ভাবতাম আমি। এরপর আবিষ্কার করি, আমার শরীর এভাবেই তৈরি। তাই বিষয়গুলোকে মেনে নিতে শুরু করি। এটা কাজেও লাগে। এটা বুঝতে আমার কিছু সময় লাগে-১৩, ১৪ বছর। প্রথম বলটিতে মুখোমুখি হওয়ার আগে পর্যন্ত আমি নার্ভাস থাকতাম। প্রথম বল খেলার পর আমি ঠিক হয়ে যেতাম।

শতকের শতক:

শতক সহজে আসে না-এটা পেতে হয়। এটা আমার ক্যারিয়ার কঠিন একটা অধ্যায় ছিল (৯৯ থেকে ১০০তম শতকে পৌঁছানো। মার্চ, ২০১১ থেকে মার্চ, ২০১২ পর্যন্ত সময় লাগে)। কারণ, সবাই এটা নিয়ে কথা বলতে শুরু করে। মানুষ শততম শতকে আচ্ছন্ন হয়ে পড়েছিল। মনোযোগ শুধু শতকেই ছিল এবং এটা আমাকে প্রভাবিত করতে শুরু করেছিল।    

সেরা শতক:

আমার কাছে সবচেয়ে অর্থময় শতক হচ্ছে ২০০৮ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে করা শতকটি। এটা ছিল মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর এবং মনোযোগ বদলাতে পুরো জাতির জন্য কিছু একটা দরকার ছিল; যদিও এটা ছিল অল্প সময়ের জন্য। বিশ্বে সব ভারতীয়দের জন্যই এটা কঠিন সময় ছিল। মানুষকে কিছু সময়ের জন্য ভাববার মতো কিছু দিতে পেরেছি বলে নিজেকে গর্বিত লেগেছে। মানুষকে এটা খুশি করেছে, যা ছিল বড় এক তুষ্টি। 

টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ:

টেস্ট ক্রিকেট 'মেইন কোর্স' এর মতো এবং সবসময়ই তাই থাকবে। অন্য সংস্করণগুলো 'স্টার্টার্স' ও 'ডেজার্টস'। ১০ জন ক্রিকেটারকে প্রশ্ন করে ৮ জনের কাছ থেকে 'টেস্ট ক্রিকেটই সবার ওপরে, এরপর বাকিগুলো' - একথা শুনলে আমি বিস্মিত হবো না।

ছেলে অর্জুন কি বাবার পথে?:

প্রথমত, ক্রিকেট আপনার হৃদয়ে থাকতে হবে, এরপর নিতে হবে মগজে। ক্রিকেটকে পাগলের মতো ভালোবাসতে হবে যা সে করে।