অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে নেই ধোনি
চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার টেস্ট সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারবেন না মহেন্দ্র সিং ধোনি। তবে এই সিরিজের দলে ঠিকই আছেন ভারতের অধিনায়ক।
সোমবার সিরিজটির জন্যে ১৯ সদস্যের দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড।
দ্বিতীয় টেস্টের আগে ধোনির সুস্থ হয়ে ওঠার ব্যাপারে আশাবাদী বিসিসিআই। ধোনির অনুপস্থিতিতে প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি।
শ্রীলঙ্কার বিপক্ষে বর্তমানে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজেও নেতৃত্ব দিচ্ছেন কোহলি। প্রথম তিন ম্যাচ জিতে সিরিজটাও জিতে নিয়েছে ভারত।
১৯ সদস্যের এই দলে ডাক পেয়েছেন টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা লোকেশ রাহুল ও কর্ন শর্মা। এদের মধ্যে শর্মা একটি টি-টোয়েন্টিতে খেললেও রাহুল আন্তর্জাতিক ক্রিকেটে একদম নতুন।
এছাড়া দলে ফিরেছেন ২০১২ সালের সেপ্টেম্বরে শেষ টেস্ট খেলা সুরেশ রায়না।
আগামী ৪ ডিসেম্বর ব্রিসবেনে শুরু হবে প্রথম টেস্ট। পরের তিনটি টেস্ট হবে যথাক্রমে অ্যাডিলেইড, মেলবোর্ন ও সিডনিতে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের টেস্ট দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বিরাট কোহলি, শিখর ধাওয়ান, মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, সুরেশ রায়না, ঋদ্ধিমান সাহা, নামান ওঝা, রবিচন্দ্রন অশ্বিন, কর্ন শর্মা, রবিন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, ইশান্ত শর্মা, উমেশ যাদব, বরুন অ্যারন।
