২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাথুরুসিংহের পাঠশালায় ইমরুল, এনামুল

খুলনা টেস্টের আগে তামিম ইকবালকে নিয়ে আলাদা কাজ করেছিলেন চন্দিকা হাথুরুসিংহে। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তার সুফল পেয়েছে বাংলাদেশ। এবার হাথুরুসিংহে আলাদাভাবে কাজ করছেন ইমরুল কায়েস ও এনামুল হককে নিয়ে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2014, 08:18 PM

Updated : 13 Oct 2022, 12:46 PM

রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার।

ইমরুল, এনামুল ছাড়াও অনুশীলন করেন অধিনায়ক মুশফিকুর রহিম, মিডলঅর্ডার ব্যাটসম্যান মার্শাল আইয়ুব ও পেসার শাহাদাত হোসেন। মুশফিক ও শাহাদাত দুই টেস্টে খেললেও উপেক্ষিত ছিলেন মার্শাল।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই টেস্টে জিতে সিরিজ নিশ্চিত করলেও উদ্বোধনী জুটি নিয়ে দুর্ভাবনার কমতি নেই বাংলাদেশ শিবিরে। সিরিজে বাংলাদেশের চার উদ্বোধনী জুটি এমন ১০, ০, ৬, ২৮।

শতক পাওয়া তামিমের সঙ্গী খুঁজে পেতে তাই একরকম মরিয়াই স্বাগতিকরা। তাই এনামুল ও ইমরুলের ব্যাটিংয়ের দিকেই ছিল হাথুরুসিংহের মূল মনোযোগ।

অনুশীলনের শুরুতেই হাথুরুসিংহে নেটে বল করতে আসা পেসারদের অফ স্ট্যাম্পের বাইরে এবং মাঝে মধ্যে বাউন্সার দেয়ার কথা বলেন। শুরুতে ব্যাটিংয়ে আসেন ইমরুল ও এনামুল। গভীর মনোযোগের সঙ্গে দুই জনের ব্যাটিং দেখেন বাংলাদেশের কোচ।

কিছুক্ষণ ব্যাট করার পর এনামুল রিচার্ড হ্যালসলের সঙ্গে ফিল্ডিং অনুশীলন করেন। দলের ফিল্ডিং কোচ এরপর ক্যাচ অনুশীলন করান শাহাদাতকে। খুলনা টেস্টের সেরা খেলোয়াড় সাকিব আল হাসানের বলে দুটি সহজ ক্যাচ হাতছাড়া করেন এই পেসার।

মুশফিক ও মার্শাল ব্যাটিং করার পর প্যাড পরে নিজেই নেটে আসেন হাথুরুসিংহে। নেট বোলারদের বলে কয়েকবার আউট হওয়া এনামুলকে শট খেলে দেখান তিনি। প্রতিটি বলের পর শর্ট লেগে দাঁড়িযে থাকা এনামুলের সঙ্গে কথা বলেন হাথুরুসিংহে। ঢাকা টেস্টের পর আল-আমিন হোসেন পরীক্ষার কারণে নিজেকে সরিয়ে নিলে দলে আসেন এনামুল। খুলনা টেস্টে খেলা হয়নি এই উদ্বোধনী ব্যাটসম্যানের। আর টানা দুই টেস্টে ব্যর্থ শামসুর রহমানের জায়গায় তৃতীয় টেস্টের দলে নির্বাচকরা ফেরান ইমরুলকে। বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট।