রেকর্ড জুটিতে প্রথম দিন পাকিস্তানের
অসাধারণ এক শতক করে আবু ধাবি টেস্টের প্রথম দিনটা পাকিস্তানের করে দিয়েছেন আহমেদ শেহজাদ। সঙ্গী মোহাম্মদ হাফিজকে নিয়ে গড়েছেন নিউ জিল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী জুটির সর্বোচ্চ রানের রেকর্ড।
রোববার প্রথম দিন ১ উইকেট হারিয়ে ২৬৯ রান তুলেছে স্বাগতিক পাকিস্তান। শেহজাদ উইকেটে আছেন ১২৬ রান নিয়ে। তার সঙ্গী ব্যাটসম্যান আজহার আলির রান ৪৬।
আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। দলকে দারুণ শুরু এনে দেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ ও শেহজাদ।
দুজনে মিলে উদ্বোধনী জুটিতে ১৭৮ রান এনে দেন, যা নিউ জিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সর্বোচ্চ। আর ২০০০ সালের পর টেস্টে এটাই পাকিস্তানের সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি।
এর আগে নিউ জিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি ছিল ১৭২ রানের। ১৯৯০ সালে জুটিটি গড়েছিলেন রমিজ রাজা ও শোয়েব মোহাম্মদ।
৯৬ রান করে হাফিজ আউট হলে ৫৩ ওভার স্থায়ী উদ্বোধনী জুটি ভাঙে পাকিস্তানের। এই রান তুলতে ১৩৭ বল খেলা হাফিজ ১০টি চার মারেন। টেস্টে এর আগে একবারই নড়বড়ে নব্বইয়ে আউট হন ৫টি শতক করা হাফিজ।
হাফিজের আউটের পর শেহজাদের সঙ্গে জুটি বাধেন আজহার। দ্বিতীয় উইকেট জুটিতে ৯১ রান তুলে অবিচ্ছিন্ন আছেন তারা।
ক্যারিয়ারে তৃতীয় টেস্ট শতক করা শেহজাদ তার ২৯০ বলের ইনিংসটি সাজান ১৪টি চারে।
পাকিস্তানের একমাত্র উইকেটটি নেন নিউ জিল্যান্ডের কোরি অ্যান্ডারসন।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান প্রথম ইনিংস: ৯০ ওভারে ২৬৯/১ (হাফিজ ৯৬, শেহজাদ ১২৬*, আজহার ৪৬*; অ্যান্ডারসন ১/৩১)।
