সুযোগ কাজে লাগাতে মরিয়া ইমরুল
দলে আসা-যাওয়ার মধ্যে থাকা ইমরুল কায়েস সুযোগ কাজে লাগাতে মরিয়া। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টেস্টকে নিজের সেরা সুযোগ হিসেবে দেখছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।
রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শুরুর আগে সাংবাদিকদের ইমরুল বলেন, “আমার একটাই পথ, ভালো খেলতে হবে। ভালো করতে না পারলে এখানে কেউ টিকতে পারে না।”
সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজে প্রথম টেস্টে খেলার পর চর্ম রোগের কারণে বাদ পড়েন ইমরুল। সুস্থ হলেও জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুটি টেস্টে ছিলেন না তিনি। দুই ম্যাচে শামসুর রহমানের অনুজ্জ্বল পারফরম্যান্সে দলে ফিরেন ইমরুল।
“একবার বাদ পড়লে, একজন খেলোয়াড়ের জন্য ফেরা খুব কঠিন হয়ে যায়। আমার মনে হয়, এটা (জায়গা পাকা করার) সেরা একটা সুযোগ। এটা কাজে লাগাতে হবে।”
গত মাসে কলকাতার আচার্য মেমোরিয়াল ট্রফিতে বিসিবি একাদশের হয়ে খেলে একটি শতক পান ইমরুল। সেখানে ভালো করলেও এই বাঁহাতি ব্যাটসম্যান জানান, আবার নতুন করে শুরু করতে হবে তাকে।
“ভারতে খেলেছি ওয়ানডে, এখন খেলবো টেস্ট; সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। যেখানেই খেলি না কেন, মানিয়ে নিতে হবে। অনেক দিন লাল বলে না খেলায় প্রথমে মানিয়ে নেয়ার চেষ্টা করবো; পরে স্বাভাবিক খেলাটা খেলতে চাইবো।”
ইনিংস উদ্বোধন করা কঠিন কাজ জানিয়ে ইমরুল বলেন, “প্রতিটি দেশেই উদ্বোধনী জুটি নিয়মিত পরিবর্তন হয়। এক জায়গায় কেউ স্থির থাকতে পারে না। আমার মনে হয়, ধারাবাহিকভাবে খেলার সুযোগ পেলে কেউ নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে।”
প্রায় আড়াই বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট দিয়ে এর আগে দলে ফিরেছিলেন ইমরুল। গত ফেব্রুয়ারির সেই ম্যাচে শতক হাঁকানো এই ব্যাটসম্যান জানান, চট্টগ্রাম তার পয়মন্ত ভেন্যু।
প্রথম ইনিংসে ১১৫ রান করার পর দ্বিতীয় ইনিংসে ২৫ রান করেন ইমরুল।
“এখানে শেষ সিরিজেও ভালো খেলেছি। তাই আত্মবিশ্বাস থাকবেই। খেলার সুযোগ হলে এই আত্মবিশ্বাস কাজে লাগানোর চেষ্টা করবো।”
ঢাকার পর খুলনায় জিতে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। ইমরুল জানান, বুধবার থেকে শুরু হতে যাওয়া তৃতীয় ও শেষ টেস্টেও জয় ছাড়া আর কিছুই ভাবছেন না তারা।
“জয় দিয়েই শেষ করার ইচ্ছে থাকবে আমাদের। লক্ষ্য থাকবে ৩-০ তে সিরিজ জেতার।”
