২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাইডুর শতকে ভারতের জয়

আম্বাতি রাইডুর দৃষ্টিনন্দন ব্যাটিংয়ে আহমেদাবাদের ওয়ানডেতেও জয় পেয়েছে ভারত। সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2014, 11:15 PM

Updated : 13 Oct 2022, 12:46 PM

১১৮ বলে হার না মানা ১২১ রানের ইনিংস খেলেন রাইডু। ডানহাতি এই ব্যাটসম্যানের ইনিংসটি ১০টি চার ও চারটি ছক্কায় সাজানো। এটি রাইডুর প্রথম ওয়ানডে শতক।

আহমেদাবাদের জয়ে পাঁচ ওয়ানডের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। কটকের প্রথম ম্যাচে ১৬৯ রানের জয় পেয়েছিল বিরাট কোহলির দল।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে ২৭৪ রান তুলতে পারে শ্রীলঙ্কা। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস সর্বোচ্চ ৯২ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় সর্বোচ্চ ৬১ রান করেন কুমার সাঙ্গাকারা।
ভারতের উমেশ যাদব, রবিন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেল ২টি করে উইকেট নেন।

জয়ের জন্য ২৭৫ রানের লক্ষ্যে নামা ভারত শুরুতেই দলীয় ১৮ রানে উদ্বোধনী ব্যাটসম্যান অজিঙ্কা রাহানেকে হারায়। তবে এরপর অতিথি দলের বোলাররা রাইডু, ধাওয়ানদের আটকে রাখতে পারেননি।

ধাওয়ান-রাইডু দ্বিতীয় উইকেট জুটিতে ১২২ রান তুললে শুরু ধাক্কা সামলে ওঠে ভারত। ৭৯ রান তুলে ধাওয়ান প্রসন্নের বলে প্রিয়ঞ্জনকে ক্যাচ দিয়ে ফিরলে উইকেটে আসেন কোহলি। অর্ধশতক থেকে এক রান দূরে থাকতে কোহলির আউটে ভাঙে ১১৬ রানের জুটি।

তবে ১০১ বলে প্রথম ওয়ানডে শতক তুলে নেয়া ম্যাচসেরাও রাইডু শেষ পর্যন্ত অপরাজিত থেকেই ৪৪.৩ ওভারে ভারতকে জয় এনে দেন।

শ্রীলঙ্কার সেক্কুগে প্রসন্ন ৫৩ রানে ৩ উইকেট নেন।

রোববার হায়দরাবাদে হবে তৃতীয় ওয়ানডে।