লিড নেয়ার লক্ষ্য জিম্বাবুয়ের
হ্যামিল্টন মাসাকাদজা ও রেগিস চাকাবভার দৃঢ়তায় খুলনা টেস্টে বাংলাদেশের সঙ্গে ব্যবধান কমিয়ে আনছে জিম্বাবুয়ে। এক সময় অস্বস্তিতে অতিথিরা এখন লিড নেয়ার কথা ভাবছে।
শেখ আবু নাসের স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সাংবাদিকদের সামনে আসা চাকাবভা বলেন, “এখনো (দুই দলের মধ্যে) ভারসাম্য রয়েছে। আমরা এখনো বাংলাদেশের সংগ্রহ ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। এটাই আমাদের প্রথম লক্ষ্য।”
বাংলাদেশের ৪৩৩ রানের জবাবে জিম্বাবুয়ের সংগ্রহ ৫ উইকেটে ৩৩১ রান। ক্যারিয়ার সেরা ৭৫ রানে অপরাজিত থাকা চাকাবভার অবদানও কম নয়। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে হ্যামিল্টন মাসাকাদজার সঙ্গে ১৪২ রানের জুটি গড়েছেন তিনি।
নিজের দ্বিতীয় অর্ধশতক পাওয়া চাকাবভা উচ্ছ্বসিত মাসাকাদজার ব্যাটিংয়ে। বাংলাদেশের বিপক্ষে তৃতীয় শতক পাওয়া এই ব্যাটসম্যান অপরাজিত রয়েছেন ১৫৪ রানে।
“এটা অসাধারণ একটা ইনিংস। তার সঙ্গে ব্যাটিং করা বিশেষ কিছু। তাকে খেলতে দেখা দারুণ একটি ব্যাপার।”
সারা দিনে মাত্র চার উইকেটের পতন হলেও ব্যাটিং সহজ নয় বলে জানান চাকাবভা।
“এখনো বোলারদের জন্য কিছুটা সহায়তা আছে। এটা ফ্ল্যাট উইকেট। তবে কিছুটা টার্ন আছে, বাউন্সও আছে।”
