বর্ষসেরা টেস্ট দলের অধিনায়ক ম্যাথিউস
আইসিসি তাদের বর্ষসেরা টেস্ট দলের অধিনায়ক করেছে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। ১২ জনের দলে আছেন শ্রীলঙ্কার আরো দুই ক্রিকেটার কুমার সাঙ্গাকারা ও রঙ্গনা হেরাথ।
আইসিসির প্রধান কার্যালয় দুবাইয়ে এক সংবাদ সম্মেলনে বুধবার দলটি ঘোষণা করেন ক্রিকেট কমিটির চেয়ারম্যান অনিল কুম্বলে। ভারতের এই সাবেক অধিনায়কের নেতৃত্বে একটি নির্বাচক কমিটি এই দল বাছাই করে।
খেলোয়াড়দের ২০১৩ সালের ২৬ অগাস্ট থেকে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত পারফরম্যান্সের ভিত্তিতেই এই নির্বাচন করা হয়েছে বলে জানান কুম্বলে।
২০০৬ সাল থেকে এ পর্যন্ত ৭ বার আইসিসির বর্ষসেরা টেস্ট দলে জায়গা পান সাঙ্গাকারা। শুধু ২০০৯ ও ২০১৩ সালে এ তালিকায় ছিলেন না তিনি।
দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ডেল স্টেইন রেকর্ড টানা সপ্তমবারের মতো এই দলে জায়গা পেলেন। আর তার স্বদেশি সতীর্থ এবি ডি ভিলিয়ার্স পঞ্চমবারের মতো এই দলে সুযোগ পান।
ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড এর আগে তিনবার আইসিসির বর্ষসেরা দলে ছিলেন। এর আগেও সুযোগ পাওয়াদের মধ্যে এবারের আইসিসি বর্ষসেরা দলে আছেন অস্ট্রেলিয়ার গতি তারকা মিচেল জনসন।
আইসিসির বর্ষসেরা টেস্ট দল: ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), কেন উইলিয়ামসন (নিউ জিল্যান্ড), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), জো রুট (ইংল্যান্ড), অ্যাঞ্জেলো ম্যাথিউস (শ্রীলঙ্কা, অধিনায়ক), মিচেল জনসন (অস্ট্রেলিয়া), স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড), ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা), রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা), টিম সাউদি (নিউ জিল্যান্ড), রস টেইলর (নিউ জিল্যান্ড, দ্বাদশ খেলোয়াড়)।
