‘অগ্নিপরীক্ষায়’ উতরে গেলেন আল-আমিন
বোলিং অ্যাকশনের পরীক্ষার পর সোহাগ গাজী নিষিদ্ধ হওয়ার পর শঙ্কা জেগেছিল আল-আমিন হোসেনকে নিয়ে। তবে পরীক্ষা-নিরীক্ষার পর আইসিসি জানিয়েছে, এই পেসারের বোলিং করার ধরণ নিয়ে কোনো সমস্যা ধরা পড়েনি।
বুধবার নিজের ফেইসবুকে পেইজে আল-আমিনও জানান, তার বোলিংয়ে কোনো সমস্যা নেই। পরীক্ষার জন্য প্রথম টেস্টের পর নিজেকে সরিয়ে নেয়া এই পেসার ওয়ানডে সিরিজে ফেরার আশা করছেন।
২০ অক্টোবর চেন্নাইয়ের শ্রীরামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন আল-আমিন।
ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্ট শেষে পেসার আল-আমিনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। তাই তাকে বাধ্যতামূলক এই পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়।
ওয়েস্ট ইন্ডিজের সেই সফরে আম্পায়াররা সোহাগ গাজীর বোলিং সন্দেহজনক বলায় তাকেও বাধ্যতামূলক এই পরীক্ষা দিতে হয়। পরীক্ষায় অবৈধ বোলিং অ্যাকশন প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে এই অফস্পিনারের বোলিং নিষিদ্ধ করা হয়।
