দ্রুততম থেকে মন্থরতম তামিম!
বাংলাদেশের দ্রুততম টেস্ট শতকের রেকর্ডধারী তামিম ইকবাল মন্থরতম শতকের রেকর্ডটিও নিজের করে নিয়েছেন।
বাংলাদেশের মন্থরতম শতকের রেকর্ডটি ছিল তামিমের বড় ভাই নাফিস ইকবালের। জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৫ সালের ঢাকা টেস্টে ৩৫৫ বলে ১২১ রান করার পথে ৩০৯ বলে শতকে পৌঁছান নাফিস।
তিন অঙ্কে পৌঁছতে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের তিনশ’ বলের বেশি খেলার এটিই এতদিন একমাত্র নজির ছিল। এবার তাকেও ছাড়িয়ে গেলেন তামিম।
মঙ্গলবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টেস্টের দ্বিতীয় দিন ৩১২ বল খেলে নিজের পঞ্চম শতকে পৌঁছান তামিম।
প্রায় সাড়ে চার বছর পর শতক পাওয়া তামিম তিন অঙ্কে পৌঁছেও খেলার ধরণ পাল্টাননি। তবে শতকের পর আর বেশিক্ষণ টিকেননি। মধ্যাহ্ন-বিরতির কিছুক্ষণ আগে হ্যামিল্টন মাসাকাদজার বলে গালিতে ধরা পড়ে শেষ হয় তামিমের (১০৯) ৩৩২ বলের ইনিংসটি।
২০১০ সালে লর্ডসে বাংলাদেশের দ্রুততম শতকের রেকর্ডটি গড়েছিলেন তামিম। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৯৪ বলে শতক করেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
