তামিম, সাকিবে বড় সংগ্রহ
এক সঙ্গে জ্বলে উঠলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। বাংলাদেশের সেরা দুই ব্যাটসম্যানের দুই মেজাজের শতকে খুলনা টেস্টে বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে জিম্বাবুয়ের একটি উইকেটও তুলে নিয়েছে স্বাগতিকরা।
দিনের তৃতীয় সেশনে অলআউট হওয়ার আগে ৪৩৩ রান করে বাংলাদেশ। জবাবে দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ১ উইকেটে ৫৩ রান। এখনো ৩৮০ রানে পিছিয়ে রয়েছে অতিথিরা।
তাইজুল ইসলামের বলে এলডিব্লিউ হয়ে বিদায় নেন সিকান্দার রাজা। ব্রায়ান চারি ২১ ও হ্যামিল্টন মাসাকাদজা ১৫ রানে ব্যাট করছেন।
মঙ্গলবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ৩ উইকেটে ১৯৩ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। দিনের প্রথম সেশনে কেবল তামিমের উইকেট হারিয়ে ১২৩ রান যোগ করে স্বাগতিকরা।
তামিম শুরু থেকে সতর্ক ব্যাটিং করলেও দ্রুত রান তুলছিলেন সাকিব। প্রথম ঘণ্টায় ৫৭ রান যোগ করেন এই দুজনে।
পানি বিরতির পর অর্ধশতকে পৌঁছান সাকিব। তার পরের ওভারেই নিজের রান তিন অঙ্কে নিয়ে যান তামিম। নাটসাই মুশাংওয়ের বলে লংঅন দিয়ে চার মেরে প্রায় সাড়ে চার বছর পর শতকে পৌঁছান তামিম। টেস্টে এটি তার পঞ্চম শতক।
মধ্যাহ্ন-বিরতির কিছুক্ষণ আগে হ্যামিল্টন মাসাকাদজার বলে গালিতে ক্রেইগ আরভিনের হাতে ধরা পড়ে তামিমের বিদায়ে ভাঙে ১৩২ রানের চতুর্থ উইকেট জুটি। ১০৯ রান করতে প্রায় চার সেশন ব্যাট করেন তামিম। তার ৩৩২ বলের ইনিংসটি গড়া ১০টি চারে।
জিম্বাবুয়ের পেসারদের আঁটোসাটো বোলিংয়ে দ্বিতীয় সেশনে রান নিতে লড়াই করতে হচ্ছিল সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমকে।
একটি দ্রুত রান নিতে গিয়ে রান আউট হয়ে যান মুশফিক। নন স্ট্রাইকার প্রান্তে থাকা অধিনায়কই রান নিতে চেয়েছিলেন। একটু ইতস্তত করে দৌড় দেয়ায় সিকান্দার রাজার সরাসরি থ্রো তার বিদায় নিশ্চিত করে ফেলে।
নেমেই একটি চার ও ছক্কার সাহায্য ১১ রান করা মুশফিক দ্বিতীয় সেশনে প্রায় পৌনে এক ঘণ্টা ক্রিজে থাকলেও কোনো রান যোগ করতে পারেননি।
অধিনায়কের বিদায়ের পর শুভাগত হোম চৌধুরীর সঙ্গে ৫৪ রানের একটি ভালো জুটি গড়েন সাকিব। এই জুটি গড়ার পথেই নিজের তৃতীয় শতকে পৌঁছান তিনি। ১৩৭ রান করা এই বাঁহাতি অলরাউন্ডারের ১৮০ বলের ইনিংসটি ১০টি চার ও ১টি ছক্কায় গড়া।
ম্যালকম ওয়ালারের সোজা বল মিডউইকেটের ওপর দিয়ে মারতে গিয়ে বোল্ড হয়ে যান সাকিব। শুভাগতকেও ফেরান ওয়ালার। তুলে মারতে গিয়ে ব্রায়ান চারিকে ক্যাচ দেন শুভাগত।
৩৮৩ রানে প্রথম সাত ব্যাটসম্যানের বিদায়ের পর বাংলাদেশকে সাড়ে চারশ’র কাছাকাছি নিয়ে যান তাইজুল ইসলাম ও শাহাদাত হোসেন। অষ্টম উইকেটে ৪৩ রানের জুটি গড়া এই দুই ব্যাটসম্যানকেই ফেরান টেন্ডাই চাটারা।
তাইজুল, শাহাদাতের বিদায়ের পর আর বেশি দূর এগোয়নি বাংলাদেশের ইনিংস।
জিম্বাবুয়ের টিনাশে পানিয়াঙ্গারা, চাটারা ও ওয়ালার দুটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৪৩৩ (১০৯, শামসুর ২, মুমিনুল ৩৫, মাহমুদুল্লাহ ৫৬, সাকিব ১৩৭, মুশফিক ১১, শুভাগত ১৫, তাইজুল ৩২, শাহাদাত ১৮, জুবায়ের ১, রুবেল ০*; পানিয়াঙ্গারা ২/৪৯, চাটারা ২/৬১, ওয়ালার ২/৬৫, মাসাকাদজা ১/২৮, চিগুম্বুরা ১/৬০, মুশাংওয়ে ১/১২৭)
জিম্বাবুয়ে: ১/৫৩ (রাজা ১১, চারি ২১*, মাসাকাদজা ১৫; তাইজুল ১/২১)
