রাহানে, ধাওয়ানের ব্যাটে ভারতের বিশাল জয়
অজিঙ্কা রাহানে ও শিখর ধাওয়ানের শতকের পর ইশান্ত শর্মার দারুণ বোলিংয়ে বড় জয় পেয়েছে ভারত। কটকে সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ১৬৯ রানে হারিয়েছে তারা।
এ জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। বৃহস্পতিবার আহমেদাবাদে হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।
আগে ব্যাটিংয়ে নেমে ৩৬৩ রান তোলে ভারত। জবাবে ৩৯.২ ওভারে সব উইকেট হারিয়ে ১৯৪ রান তুলতে পারে শ্রীলঙ্কা।
টসে জিতেও ভারতকে ব্যাটিংয়ে পাঠান শ্রীলঙ্কা অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। সিদ্ধান্তটা যে ঠিক ছিল না, তা উদ্বোধনী জুটিতে টানা ৩৫ ওভার ব্যাটিং করে বুঝিয়ে দেন রাহানে ও ধাওয়ান।
৬১ বলে অর্ধশতক তুলে নেয়া রাহানে ৯৯ বল খেলে শতকে পৌঁছান। এটি তার দ্বিতীয় ওয়ানডে শতক। ম্যাচসেরা রাহানের চেয়েও আক্রমণাত্মক ছিলেন ধাওয়ান। ব্যক্তিগত ষষ্ঠ ওয়ানডে শতক তুলে নিতে দিল্লির এ বাঁ-হাতি ব্যাটসম্যান খেলেছেন ৯৬ বল।
আশান প্রিয়ঞ্জনের একটু ঝুলিয়ে দেয়া বলে সুইপ করতে গিয়ে ধাওয়ান বোল্ড হলে ভাঙে ভারতের উদ্বোধনী জুটি। ধাওয়ানের ১১৩ রানের ইনিংসটি ১৪ চার ও ৩ ছক্কায় সাজানো ছিল।
উদ্বোধনী জুটিতে ২৩১ রান তোলেন রাহানে ও ধাওয়ান। উদ্বোধনী জুটিতে এটি ভারতের ব্যাটসম্যানদের তৃতীয় সর্বোচ্চ রান।
ধাওয়ানের পর সাজঘরে ফেরেন রাহানে। ১৩ চার ও ২ ছক্কায় ১১১ রান তোলার পর সুরজ রনদিভের বলে মাহেলা জয়াবর্ধনেকে ক্যাচ দেন মহারাষ্ট্রের এই উদ্বোধনী ব্যাটসম্যান। তবে সুরেশ রায়না ৫২, বিরাট কোহলি ২২ ও আম্বতি রাইডু ২৭ রান তুললে শ্রীলঙ্কাকে ৩৬৪ রানের বড় লক্ষ্য দেয় স্বাগতিকরা।
শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট পান রনদিভ।
ভারতের মতো শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। ৮.১ ওভারে তিলকরত্নে দিলশানকে (১৮) ঋদ্ধিমান সাহার ক্যাচ বানিয়ে সফরকারীদের উদ্বোধনী জুটি ভাঙেন উমেশ যাদব। এরপর শুরু হয় শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল।
শ্রীলঙ্কার সাত ব্যাটসম্যান দুই অঙ্কের রান তুললেও শর্মা, যাদব ও প্যাটেলদের বোলিং তোপে কেউই অর্ধশতকে পৌঁছাতে পারেননি। সর্বোচ্চ ৪৩ রান করেন মাহেলা।
শর্মা ৪টি, যাদব ও প্যাটেল ২টি করে উইকেট নেন।
