২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের সামনে নতুন উচ্চতার হাতছানি

কোনোমতে মিরপুর টেস্ট জয়ের পর এখন অন্য চেহারা বাংলাদেশ দলের। আত্মবিশ্বাস ফিরে পাওয়া স্বাগতিকদের সামনে এবার এসেছে সিরিজ নিশ্চিত করার সুযোগ। খুলনা টেস্টে জিম্বাবুয়েকে হারালে সিরিজের সঙ্গে র‌্যাঙ্কিংয়ে উন্নতিও হবে মুশফিকুর রহিমের দলের।

অনীক মিশকাত অনীক মিশকাত

খুলনা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2014, 09:58 PM

Updated : 13 Oct 2022, 12:45 PM

সোমবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে সকাল সাড়ে নয়টায়।

মিরপুর টেস্ট ৩ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ দলের দুর্ভাবনা ব্যাটিং নিয়ে। প্রথম ইনিংসে বড় লিডের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত টেলএন্ডারদের সৌজন্যে ১৪ রানের ছোট্ট লিড পায় তারা।

ঢাকায় প্রথম টেস্ট জিততে ১০১ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শূন্য রানে প্রথম তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে স্বস্তির জয় এনে দেয়ায় বড় অবদানও টেলএন্ডারদের।

খুলনায় টেলএন্ডারদের দিকে তাকিয়ে থাকতে চায় না বাংলাদেশ। প্রথম সাত ব্যাটসম্যানের কাছে দায়িত্বশীল ব্যাটিং প্রত্যাশা করছেন অধিনায়ক মুশফিকুর রহিম। প্রথম দিন মাঠে ব্যাট করতে নামলে অন্তত দেড় দিন টিকে থাকতে চান তিনি।

ব্যাটিং দৃঢ়তা বাড়াতে মিডলঅর্ডারে শুভাগত হোম চৌধুরীর জায়গায় খেলতে পারেন এনামুল হক। পরিবর্তন আসতে পারে বাংলাদেশের ব্যাটিং অর্ডারেও। পাঁচ নম্বরে খেলতে পারেন ছন্দে থাকা মুশফিক।

মিরপুরে শূন্য রানে প্রথম তিন ব্যাটসম্যান বিদায় নিলেও টপ অর্ডার নিয়ে বিশেষ কিছু পরিকল্পনা নেই বাংলাদেশের। তাদের কাছ থেকে স্বাভাবিক ব্যাটিং প্রত্যাশা করছেন অধিনায়ক।

পরীক্ষার কারণে পেসার আল-আমিন হোসেন নিজেকে সরিয়ে নেয়ায় বাংলাদেশ দলে একটি পরিবর্তন নিশ্চিত। তার জায়গায় শফিউল ইসলাম ও রুবেল হোসেনের যে কোনো একজন খেলবেন।

মিরপুরের চেয়ে ভিন্ন হবে খুলনার পিচ। বাউন্স থাকবে না; বল মন্থর হবে। দেখেশুনে খেললে শেখ আবু নাসের স্টেডিয়ামে বড় রান পাওয়া যাবে বলে মনে করেন জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলর।

স্পিন আক্রমণে থাকছেন আগের টেস্টে চমৎকার বল করা সাকিব আল হাসান, তাইজুল ইসলাম ও জুবায়ের হোসেন। খুলনায় তাদের সামলাতে প্রস্তুতিতে কোনো কিছু বাদ রাখছে না জিম্বাবুয়ে।

মিরপুরের ইনডোরে রুদ্ধদ্বার ব্যাটিংয়ের পর বোলিং মেশিনে টার্নিং মোডে অনুশীলন করে জিম্বাবুয়ে। খুলনায় এসে পিচে জাল বিছিয়ে ব্যাটিং অনুশীলন করে অতিথিরা।

নিজের দলের স্পিনারদের ওপর আবার আস্থা রাখছেন মুশফিক।

“সাকিব বিশ্ববিখ্যাত বোলার। তাইজুল নিজের প্রথম তিন টেস্টে দুবার পাঁচ উইকেট নিয়েছে। অভিষেকে ভালো করেছে জুবায়েরও। আমাদের স্পিন বোলিং যথেষ্ট বৈচিত্র্যপূর্ণ। আশা করি, খুলনাতেও ওরা সাফল্য পাবে।”

আগের ম্যাচে স্পিনে বিধ্বস্ত হওয়ায় চাপ থাকবে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের ওপরই। কয়েক দিনের মধ্যেই স্পিন ভালো শেখা সম্ভব নয়। তাই খুলনায় ভালো করতে হ্যামিল্টন মাসাকাদজা, টেইলরের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে থাকবে অতিথিরা।

আগের ম্যাচে জিম্বাবুয়ের দুই স্পিনার জন নিউম্বু ও টাফাজওয়া কামুনগোজির পারফরম্যান্স ছিল হতাশাজনক। অনভিজ্ঞ এই দুই বোলারের বিপক্ষে সহজেই রান পায় স্বাগতিক ব্যাটসম্যানরা।

স্পিন আক্রমণ খুব একটা ধারালো না হওয়ায় মরা উইকেটে পেসারদের ওপরই নির্ভর করতে হবে জিম্বাবুয়ের। উইকেটে বাউন্স না থাকলে তামিম ইকবাল, মুমিনুল হকদের মিরপুরের মতো পরীক্ষায় ফেলা কঠিনই হবে তাদের জন্য।

২০০৫ সালে জিম্বাবুয়েকে হারিয়ে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। দেশের মাটিতে এটাই বাংলাদেশের একমাত্র সিরিজ জয়। প্রায় দশ বছর পর আবার সিরিজ জয়ের হাতছানি তাদের সামনে।

২০০৯ সালে শেষ টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ সফরে ২-০ ব্যবধানে স্বাগতিকদের হারিয়েছিল তারা।

খুলনায় জিতলে প্রথমবারের মতো তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করার পাশাপাশি আইসিসি র‌্যাঙ্কিংয়ে একধাপ উত্তরণ নিশ্চিত হবে ১০ নম্বরে থাকা বাংলাদেশের। জিম্বাবুয়েকে পেছনে ফেলে তখন ৯ নম্বরে উঠে আসবে মুশফিকরা।