২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেসারদের দিকে তাকিয়ে জিম্বাবুয়ে

অনভিজ্ঞ স্পিনারদের কাছ থেকে ব্রেন্ডন টেইলরের প্রত্যাশা কমই। খুলনা টেস্টে ভালো করতে পেসারদের দিকেই তাকিয়ে আছেন জিম্বাবুয়ের অধিনায়ক। তার বিশ্বাস, মরা উইকেটেও ভালো করবেন পেসাররা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2014, 06:58 PM

Updated : 13 Oct 2022, 12:45 PM

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সোমবার শুরু হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের দ্বিতীয় টেস্ট। তার আগের দিন অনুশীলন শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ের অধিনায়ক জানান, খুলনায় ভালো খেলার চাপ রযেছে তাদের ওপর।

“এটা আমাদের বাঁচা-মরার ম্যাচ। এই ম্যাচের জন্য আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। এটা নতুন ম্যাচ, নতুন ভেন্যু; আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।”

মিরপুরে তিন দিনে হারলেও সেই ম্যাচে পেসারদের চমৎকার পারফরম্যান্স দ্বিতীয় টেস্টে ভালো করার আশা দেখাচ্ছে জিম্বাবুয়ের অধিনায়ককে।

“পেসারদের মন্থর উইকেটেও বল রিভার্স করানোর সামর্থ্য রয়েছে। রিভার্স যে কোনো ব্যাটসম্যানের জন্যই বিপজ্জনক। আমি নিশ্চিত, ওরা এখানেও বল রিভার্স করাতে পারবে। যেকোনো পিচে উইকেট নেয়ার সামর্থ্য তাদের রয়েছে।”

স্পিন সহায়ক পিচেও স্পিনারদের ওপর নির্ভর করতে পারছে না জিম্বাবুয়ে। অতিথিরা সাফল্যের জন্য পেসারদের দিকেই তাকিয়ে আছে।

“আমাদের স্পিন বিভাগ বাংলাদেশের মতো নয়। ঢাকায় আমরা দেখিয়েছি, আমাদের পেস বিভাগ খুব ভালো। আমরা জানি, এখানে পিচ ভিন্ন রকম হবে। তবে মানিয়ে নেয়ার সামর্থ্য আমাদের পেসারদের রয়েছে।”

টেইলর মনে করেন মিরপুরের চেয়ে খুলনার পিচ ভিন্ন হবে।

“মনে হয় না, এখানে খুব একটা বাউন্স থাকবে। বল ঘুরবে; পেসারদের জন্য কাজ কিছুটা কঠিন হবে।”

প্রথম টেস্টে জিম্বাবুয়ের ১৮টি উইকেট নিয়েছিলেন বাংলাদেশের স্পিনাররা। তাইজুল ইসলাম ও সাকিব আল হাসানদের কোনো জবাব জানা ছিল না অতিথি ব্যাটসম্যানদের। টেইলর জানান, তারা যে স্পিনের বিপক্ষে ভালো খেলোয়াড় খুলনায় তার প্রমাণ দিতে চান।

“বাংলাদেশের স্পিনারদের সামলাতে আমরা নির্দিষ্ট কিছু অনুশীলনও করেছি। তবে এরপরও ওরা কাজটা আমরা জন্য অনেক কঠিন বরে ফেলতে পারে। ঢাকায় আমরা বাজেভাবে উইকেট হারিয়েছি। এবার ভালো করতে আমাদের ব্যাটসম্যানরা দৃঢ়প্রতিজ্ঞ।”