২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট ইতিহাসের দ্রুততম অর্ধশতক মিসবাহর!

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের অনন্য একটি রেকর্ড গড়েছেন মিসবাহ-উল হক। বল আর সময়ের হিসেবে টেস্ট ক্রিকেটের দ্রুততম অর্ধশতক এখন পাকিস্তান অধিনায়কের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2014, 03:00 PM

Updated : 22 Aug 2022, 07:29 PM

রোববার আবু ধাবি চতুর্থ দিনে মধাহ্নভোজের বিরতির আগে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ২১ বলে অর্ধশতক করেন মিসবাহ।

এর আগে বলের হিসেবে টেস্ট ক্রিকেটের দ্রুততম অর্ধশতক ছিল জ্যাক ক্যালিসের। জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৪-০৫ মৌসুমে কেপটাউনে ২৪ বলে অর্ধশতক করেছিলেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান।

৪৯তম ওভারের শেষ বলে ৩ রান নিয়ে অর্ধশতক পূর্ণ করতে মিসবাহর লাগে ২৪ মিনিট, যা সময়ের হিসেবেও টেস্ট ইতিহাসের দ্রুততম অর্ধশতক।

এতদিন দ্রুততম অর্ধশতক ছিল মোহাম্মদ আশরাফুলের। ২০০৭ সালে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ২৭ মিনিটে অর্ধশতক করেন বাংলাদেশের এই ব্যাটসম্যান। তবে তার বল লেগেছিল ২৬টি।

ইনিংসের ৪৩.৪ ওভারে ইউনুস খান আউট হওয়ার পর উইকেটে আসেন মিসবাহ। স্টিভেন স্মিথের একটি ফুলটস বলে চার মেরে শুরু করেন তিনি।

পরের বলেই অবশ্য আউট হয়ে যেতে পারতেন মিসবাহ। কিন্তু কভারে পিটার সিডল ক্যাচ নিতে পারেননি।

স্মিথের পরের ওভারেই আরো মারমুখী হয়ে ওঠেন পাকিস্তানের অধিনায়ক। ইনিংসের ৪৬তম ওভারটিতে ৩টি ছয় আর একটি চার মারেন তিনি।

অর্ধশতক করার পথে মোট ৪টি চার আর ৪টি ছয় মারেন মিসবাহ।