২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোহাগকে ফেরানোর উদ্যোগ বিসিবির

অবৈধ বোলিং অ্যাকশনের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হওয়া অফস্পিনার সোহাগ গাজীকে ফেরাতে সবকিছু করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2014, 12:18 AM

Updated : 13 Oct 2022, 12:40 PM

বুধবার বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেন, “সে আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাকে ফেরাতে আমরা প্রয়োজনীয় সবকিছুই করব।”

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রথম ধাপে একটি বোলিং রিভিউ গ্রুপের (বিআরজি) সঙ্গে কাজ করবেন সোহাগ; যা খুব শিগগির গঠন করা হবে বলে জানান নিজামউদ্দিন।

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পরীক্ষায় উতরাতে হবে সোহাগকে। বোলিং অ্যাকশনে প্রয়োজনীয় পরিবর্তন এনে আইসিসির কাছে সেই পরীক্ষার আবেদন করতে পারবেন তিনি।

চূড়ান্ত পরীক্ষার জন্য প্রস্তুত হতে কতদিন লাগবে তা অফস্পিনার সোহাগ ও তার সঙ্গে কাজ করতে যাওয়া কোচদের ওপর নির্ভর করবে বলে জানান বিসিবি কর্মকর্তা।

আইসিসি ঘরোয়া ক্রিকেটে সোহাগকে নিষিদ্ধ করেনি। তবে তার বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ায় ঘরোয়া ক্রিকেটে অফস্পিনারের না খেলাটাই যৌক্তিক মনে করছে বিসিবি।

নিজামউদ্দিন বলেন, “বিআরজি তার বোলিং অ্যাকশন নিয়ে সন্তুষ্ট হলেই কেবল ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবেন সোহাগ। তবে চূড়ান্ত পরীক্ষার আগে অবশ্যই তাকে আমরা প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলার সুযোগ দেব।”

এর আগে বাংলাদেশের বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকও অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। তবে ত্রুটি সংশোধন করে ঠিকই ফিরেন তিনি।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, বিশ্লেষণে দেখা গেছে, সোহাগ গাজীর বোলিং অ্যাকশন অবৈধ। তাই আন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিং তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

বিশ্লেষণে দেখা গেছে, সোহাগের সব ধরণের ডেলিভারিতেই কনুই নির্ধারিত সীমা ১৫ ডিগ্রির চেয়ে বেশি বেঁকে যায়।

বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় ওয়ানডেতে আম্পায়াররা সোহাগের বোলিং সন্দেহজনক বলার পর নিয়ম অনুযায়ী কার্ডিফের মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল্যাবে তার বোলিং অ্যাকশনের পরীক্ষা হয়।

পরীক্ষার পর দেশে ফিরে বাংলাদেশ জাতীয় দলের এই অফস্পিনার জানিয়েছিলেন, পরীক্ষায় ইতিবাচক ফল আশা করছেন তিনি।

২০১২ সালের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় সোহাগের। এ পর্যন্ত ১০টি টেস্ট, ২০টি ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি খেলেন তিনি।

বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে একই টেস্টে শতক ও হ্যাটট্রিকের কৃতিত্ব রয়েছে সোহাগের।