বাংলাদেশের দল নিতে মরিয়া পিসিবি
পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে মরিয়া পিসিবি বাংলাদেশের যেকোনো একটি দলের সফর চায়।
বাংলাদেশ সফরে আসা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান শাহরিয়ার খানের দাবি, পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটেছে।
পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর শুরুটায় বাংলাদেশের সহায়তা চায় পিসিবি। বিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বয়সভিত্তিক দল, স্কুল, বিশ্ববিদ্যালয়, অ্যাকাডেমি বা মেয়েদের দল পাঠানোর অনুরোধ করেছে তারা।
শাহরিয়ার জানান, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আন্তরিক ও সহযোগিতামূলক ক্রিকেটীয় সম্পর্ক ঝালিয়ে নিতে তিনি এসেছেন।
“আমাদের মধ্যে অতীতে ভালো সম্পর্ক ছিল। আমারা তাদের পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছি। আমরা জানি, জাতীয় দল বা অন্য কোনো দলের পাকিস্তান সফরে নিরাপত্তা পরিস্থিতি একটি বাধা।”
বিসিবির সঙ্গে পিসিবির সম্পর্ক এখন খুব একটা ভালো হয় নয়। জাকা আশরাফ পিসিবি প্রধান থাকার সময়ে বাংলাদেশের দুটি প্রস্তাবিত সফর বাতিল হওয়ায় দুই বোর্ডের সম্পর্কের অবণতি ঘটে।
২০১২ সালের এপ্রিল ও ডিসেম্বরে বিসিবি সফর বাতিল করায় ২০১৩ সালের বিপিএলে পাকিস্তানের সব খেলোয়াড়কে প্রত্যাহার করে পিসিবি। পরে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও ক্রিকেটারদের পাঠায়নি তারা।
