যুক্তরাষ্ট্র দলে উইন্ডিজের ক্রিকেটার
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন জেরেমাইন লসন। এবার তিনি খেলতে পারেন যুক্তরাষ্ট্রের হয়ে। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই পেসাকে যুক্তরাষ্ট্র দলে নেয়া হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৩টি করে ওয়ানডে ও টেস্ট খেলা লসন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২০০১ সালে। আর ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষ ম্যাচ খেলেন ২০০৫ সালের নভেম্বরে।
২০১০ সাল থেকে যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন লসন। আইসিসির চার বছরের বসবাসের শর্ত পূরণ হওয়ায় যুক্তরাষ্ট্রের হয়ে ৩২ বছর বয়সী এই পেসারের খেলতে কোনো বাধা নেই।
আগামী ২৩ থেকে ৩০ অক্টোবর মালয়েশিয়ায় হতে যাওয়া আইসিসির ওয়ার্ল্ড ক্রিকেট লিগের ডিভিশন থ্রিতে যুক্তরাষ্ট্রের হয়ে অভিষেক হতে পারে নিউ ইয়র্কে বসবাস করা লসনের।
লসন হতে পারেন যুক্তরাষ্ট্রের হয়ে খেলা ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ক্রিকেটার। এর আগে অ্যাডাম স্যানফোর্ড ও নেইল ম্যাকগ্যারেল যুক্তরাষ্ট্রের হয়ে খেলেন।
