২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঞ্জাবকে হারিয়ে কলকাতার মুখোমুখি চেন্নাই

ডোয়াইন ব্র্যাভোর ঝড়ো ব্যাটিংয়ে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৬৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির ফাইনালে উঠেছে চেন্নাই সুপার কিংস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2014, 12:22 AM

Updated : 13 Oct 2022, 12:39 PM

আগামী শনিবার ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলবে চেন্নাই।

সেমি-ফাইনালের মতো গুরুত্বপূর্ণ লড়াইয়ে হ্যাটট্রিক করেছিলেন পারবিন্দার আওয়ানা। ম্যাচ শেষে আর আনন্দ করতে পারলেন না পাঞ্জাবের এই পেসার।

বৃহস্পতিবার হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে দ্বিতীয় সেমি-ফাইনালে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ডোয়াইন ব্র্যাভোর ঝড়ো ব্যাটিংয়ে ৭ উইকেটে ১৮২ রান করে চেন্নাই সুপার কিংস। জবাবে ১৮.২ ওভারে ১১৭ রানেই অলআউট হয়ে যায় পাঞ্জাব।

পাঞ্জাবের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ১০ ওভার শেষে তিন উইকেটে চেন্নাইয়ের রান ছিল ৬৫। তারপরই বোলারদের উপর চড়াও হন ব্র্যাভো ও ফাফ দু প্লেসি। তাদের আক্রমণাত্মক ব্যাটিংয়েই দুইশ’র কাছাকাছি স্কোর গড়ে চেন্নাই। শেষ ১০ ওভারে ১১৭ রান করে তারা।

৩৩ বলে ৪৬ রান করেন দক্ষিণ আফ্রিকার প্লেসি। সর্বোচ্চ ৬৭ রান করেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ব্র্যাভো। ৩৯ বলে খেলা তার গুরুত্বপূর্ণ ইনিংসটা ৭টি চার ও ৩টি ছক্কা সমৃদ্ধ। বড় ইনিংস গড়তে জাদেজার অবদানও কম নয়। ১৩ বলে ২৭ রান করেন তিনি।

ষষ্ঠ ওভারের শেষ বলে সুরেশ রায়নাকে আর ১৭তম ওভারের প্রথম দুই বলে পাওয়ান নেগি ও মহেন্দ্র সিং ধোনিকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন আওয়ানা। ৩০ রানে চার উইকেট নেয়া দিল্লির এই বোলারের অপর শিকার চেন্নাইয়ের উদ্বোধনী ব্যাটসম্যান ডোয়াইন স্মিথ।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা পাঞ্জাব আর ঘুরে দাঁড়াতে পারেনি। গ্রুপ পর্বে সবকটি ম্যাচ জেতা দলটির পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন আকসার প্যাটেল।

চেন্নাইয়ের পক্ষে দুটি করে উইকেট পান আশিস নেহরা, মোহিত শর্মা, পাওয়ান নেগি ও সুরেশ রায়না।