হাবিবুলকে ছাড়িয়ে মুশফিক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন মুশফিকুর রহিম। দ্বিতীয় ইনিংসে অর্ধশতকে পৌঁছনর পথে বাংলাদেশের অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ডটি নিজের করে নিয়েছেন তিনি।
রেকর্ডটি ছিল হাবিবুল বাশারের অধিকারে। অধিনায়ক হিসেবে ১৮ টেস্টে ১ হাজার ৪৪ রান করেছিলেন তিনি। এ সময়ে তার ব্যাট থেকে এসেছিল ১টি শতক ও ৮টি অর্ধশতক।
হাবিবুলের ক্যারিয়ার গড় ৩০.৮৭। আর অধিনায়ক হিসেবে তার গড় ২৯.৮২।
হাবিবুলের গড় অধিনায়ক হওয়ার পর কমলেও বেড়েছে মুশফিকের বেলায়। নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন তিনি।
কিংটাউন টেস্টের চতুর্থ দিন শেষে ৭০ রানে অপরাজিত রয়েছেন মুশফিক। তার দৃঢ়তা ভরা ব্যাটিংয়ে ম্যাচ বাঁচানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ।
অধিনায়ক হিসেবে এ পর্যন্ত ১৫ টেস্টে ১ হাজার ৯৬ রান করেছেন তিনি। হাবিবুলের সমান একটি শতক ও আটটি শতক রয়েছে তার। মুশফিকের ক্যারিয়ার গড় ৩৪.১৯ হলেও অধিনায়ক হিসেবে তার গড় ৪৭.৬৫।
মুশফিক ও হাবিবুল ছাড়া বাংলাদেশের আর কেউ টেস্ট অধিনায়ক হিসেবে হাজার রান করতে পারেননি। তৃতীয় সর্বোচ্চ ৬৫০ রান সাকিব আল হাসানের। ৯ টেস্টে ৩৮.২৩ গড়ে এই রান করেন তিনি।
