২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ওভারের নাটকীয়তায় ভারতকে হারাল ইংল্যান্ড

রোমাঞ্চকর লড়াইয়ে শেষ হাসি হেসেছে ইংল্যান্ড। শেষ ওভারের নাটকীয়তায় একমাত্র টি-টোয়েন্টিতে ভারতকে মাত্র ৩ রানে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2014, 12:04 AM

Updated : 13 Oct 2022, 12:33 PM

ক্রিস ওকসের করা শেষ ওভারে জয়ের জন্য ১৭ রান প্রয়োজন ছিল ভারতের। ক্রিজে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গী ছিলেন অভিষিক্ত অম্বাতি রাইডু।

প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে শুরুটা দারুণ করেন ধোনি। পরের বলে দুই রান নিয়ে ব্যবধান কমান তিনি। দ্বিতীয় রানটি নিতে গিয়ে প্রথমে রানআউটের শঙ্কায় পড়েছিলেন ধোনি, পরে রাইডু। কিন্তু দুটির একটি সুযোগও কাজে লাগাতে পারেননি ইংল্যান্ডের ফিল্ডাররা।

চার বলে ভারতের প্রয়োজন দাঁড়ায় ৯ রান। ওভারের তৃতীয় বলে এক রান নেয়া সম্ভব হলেও নেননি ধোনি। নিজেই স্ট্রাইকে থেকে যান। পরের বলে লংঅফ দিয়ে চার হাঁকিয়ে অতিথিদের আশা বাঁচিয়ে রাখেন তিনি।

শেষ দুই বলে ভারতের প্রয়োজন ছিল ৫ রান। পঞ্চম বলে আবার এক রান নেয়া থেকে বিরত থাকেন ভারতের অধিনায়ক। এতে শেষ বলে সমীকরণ বেশ কঠিন হয়ে পড়ে। জয়ের জন্য ছক্কার মারতে হত ধোনিকে। কিন্তু এক রানের বেশি নিতে পারেননি তিনি।

রোববার এজবাস্টনে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৮০ রান করে ইংল্যান্ড।

দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেয়ার কৃতিত্ব অধিনায়ক ওয়েন মর্গানের (৭১)। ম্যাচ সেরা এই ডানহাতি ব্যাটসম্যানের ৩১ বলের আক্রমণাত্মক ইনিংসটি সাজানো ৭টি ছক্কা ও ৩টি চারে।

আলেক্স হেলস, জো রুট ও রবি বোপারার ছোট্ট তিনটি ইনিংসের গুরুত্বও কম নয়।

ভারতের পক্ষে মোহাম্মদ সামি ৩ উইকেট নেন ৩৮ রানে।

জবাবে ৫ উইকেটে ১৭৭ রানে থেমে যায় ভারতের সংগ্রহ।

অজিঙ্কা রাহানে দ্রুত ফিরলেও শিখর ধাওয়ান ও সুরেশ রায়নার সঙ্গে দুটি চমৎকার জুটি গড়ে দলকে ২ উইকেটে ১৩১ রানে পৌঁছে দিয়েছিলেন বিরাট কোহলি (৬৬)। তবে শেষ রক্ষা হয়নি অতিথিদের।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ২০ ওভারে ১৮০/৭ (জেসন ৮, হেলস ৪০, মইন ০, রুট ২৬, মর্গান ৭১, বাটলার ১০, বোপারা ২১*, ওকস ০; সামি ৩/৩৮, কর্ন ১/২৮, জাদেজা ১/৩৫, মোহিত ১/৩৯)

ভারত: ২০ ওভারে ১৭৭/৫ (রাহানে ৮, ধাওয়ান ৩৩, কোহলি ৬৬, রায়না ২৫, ধোনি ২৭*, জাদেজা ৭, রাইডু ৩*; ফিন ১/২৮, গার্নে ১/২৯, মইন ১/৩১, ওকস ১/৪৩)

ম্যাচ সেরা: ওয়েন মর্গান।