২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪ ক্যাচ ধরে রাহানের রেকর্ড

ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে চারটি ক্যাচ ধরে রেকর্ড গড়েছেন অজিঙ্কা রাহানে। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ম্যাচে এ কৃতিত্ব দেখালেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2014, 11:48 PM

Updated : 13 Oct 2022, 12:33 PM

তৃতীয় ওভারেই অভিষিক্ত জেসন রয়ের ক্যাচ ধরে রেকর্ডের পথে হাঁটা শুরু করেন রাহানে। মোহাম্মদ সামির বলে কাভারে সহজ ক্যাচ ধরেন তিনি।

পরের ওভারে কাভারে আবার ক্যাচ তালুবন্দি করেন রাহানে। এবার মোহিত শর্মার বলে শূন্য রানে ফিরেন মইন আলি।

দশম ওভারে আলেক্স হেলসকে দুর্দান্ত এক ক্যাচে ফেরান রাহানে। রবিন্দ্র জাদেজার বলে সেই ওভারে দ্বিতীয় ছক্কাটি হাঁকাতে গিয়ে রাহানের হাতে ধরা পড়েন হেলস। লং অনে ফিল্ডিং করছিলেন রাহানে। সেখান থেকে অনেকটা দৌড়ে সামনের দিকে ঝাঁপিয়ে পড়ে অনেক উঁচুতে উঠা ক্যাচটি লুফে নেন তিনি।

শেষ ওভারে চতুর্থ ক্যাচটি ধরেন রাহানে। সামির নিচু ফুলটস বলে লং অফে ক্যাচ দিয়ে ফিরেন ৩১ বলে ৭১ রানের ঝড়ো ইনিংস খেলা ইংল্যান্ডের অধিনায়ক ওয়েন মর্গান।

রাহানের আগে টি-টোয়েন্টিতে এক ম্যাচে চারটি ক্যাচ ধরার কৃতিত্ব আছে মাত্র চার জনের।