ছক্কার রেকর্ডে গেইলের পাশে মর্গান
ভারতের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে ঝড়ো ইনিংস খেলার পথে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের ওয়েন মর্গান।
মর্গানের অর্ধশতকে ভারতের বিপক্ষে ৭ উইকেটে ১৮০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড।
দশম ওভারে ক্রিজে আসা মর্গান খেলেন ৭১ রানের চমৎকার এক ইনিংস। ৩১ বলের ঝড়ো এই ইনিংস খেলার পথে ৭টি ছক্কা হাঁকান তিনি। এই সাত ছক্কা রেকর্ড বইয়ে ক্রিস গেইলের পাশে বসিয়েছে তাকে।
অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৭টি ছক্কার রেকর্ড এর আগে একার ছিল গেইলের। ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হিসেবে ভারতের বিপক্ষে ৯৮ রান করার পথে এই রেকর্ড গড়েছিলেন তিনি।
রোববার সেই রেকর্ড স্পর্শ করলেন মর্গান। কর্ন শর্মা ও মোহিত শর্মার বলে দুটি করে ছক্কা হাঁকান তিনি। একটি করে ছক্কা হাঁকান রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও মোহাম্মদ সামির বলে।
৭১ রানের ইনিংস খেলার পথে ইংল্যান্ডের পাঁচ বছরের অপেক্ষার অবসানও ঘটান মর্গান। পাঁচ বছর পর টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের অধিনায়কের ব্যাট থেকে অর্ধশতক এলো।
২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পল কলিংউডের ৫৭ ছিল ইংল্যান্ডের অধিনায়কের শেষ অর্ধশতক।
