২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দু প্লেসির ৪ রানের আক্ষেপ

পুরো সিরিজ জুড়ে খেললেন অসাধারণ, ফাইনালেও দলকে জেতাতে দারুণ অবদান রাখলেন ফাফ দু প্লেসি। কিন্তু শেষ পর্যন্ত চার রানের একটা আক্ষেপ রয়েই গেল দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যানের; ওয়ানডেতে এক সিরিজে চারটি শতকের রেকর্ড গড়া হলো না তার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2014, 10:14 PM

Updated : 13 Oct 2022, 12:32 PM

জিম্বাবুয়েতে ত্রিদেশীয় এই সিরিজে নিজেদের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০৬ রান করেন দু প্লেসি।

এরপর জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ১৫ রানে ফিরলেও পরের দুটি ম্যাচেই শতক করেন তিনি। ওই দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের বিপক্ষে তার রান যথাক্রমে ১২৬ ও ১২১।

গত বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে শতরানের ইনিংসটি খেলেই এক সিরিজে তিন শতকের পুরনো রেকর্ড স্পর্শ করেন ৩০ বছর বয়সী এই ডান হাতি ব্যাটসম্যান। ১৯৮২ সালে প্রথম এক সিরিজে তিন শতকের রেকর্ড গড়েন পাকিস্তানের জহির আব্বাস।

রেকর্ডটা একার করে নিতে আরেকটা শতকের প্রয়োজন ছিল তার। শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে সম্ভাবনাও জাগিয়েছিলেন।

অস্ট্রেলিয়ার ২১৭ রানের সমান স্কোর থাকা অবস্থায় সিরিজের রেকর্ড চতুর্থ শতকটি পেতে একটি চার প্রয়োজন ছিল দু প্লেসির। চেষ্টা করেছিলেন তিনি কিন্তু মিচেল জনসনের বলে জেমস ফকনারের ক্যাচে পরিণত হয়ে হতাশা নিয়েই ফিরতে হয় তাকে।

৯৯ বলে ৯৬ রান করে ফিরে যান দু প্লেসি।

রেকর্ড গড়া না হলেও সিরিজ সেরার পুরস্কার ঠিকই পেয়েছেন ৯২.৮০ গড়ে পাঁচ ম্যাচে সর্বোচ্চ ৪৬৪ রান করা দু প্লেসি।