২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়াকে হারিয়ে দ.আফ্রিকার শিরোপা

ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা। ফাইনালে অস্ট্রেলিয়াকে সহজেই ৬ উইকেটে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2014, 09:30 PM

Updated : 13 Oct 2022, 12:32 PM

শনিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২১৭ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ৪০ ওভার ৫ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।

চতুর্থ ওভারে কুইন্টন ডি কককে হারালেও হাশিম আমলার (৫১) সঙ্গে ১০৮ রানের জুটি গড়ে দলকে ১ উইকেটে ১২২ রানে পৌঁছে দেন ফাফ দু প্লেসি।

অর্ধশতকে পৌঁছানোর পর ফেরেন আমলা। এরপর ওয়েইন পার্নেল দ্রুত তাকে অনুসরণ করলেও খেলায় তার কোনো প্রভাব পড়তে দেননি সিরিজ সেরা দু প্লেসি। এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে ১০১ রানের আরেকটি চমৎকার জুটি গড়েন তিনি।

অস্ট্রেলিয়ার সমান স্কোর থাকা অবস্থায় সিরিজের রেকর্ড চতুর্থ শতকটি পেতে একটি চার প্রয়োজন ছিল দু প্লেসির। চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু মিচেল জনসনের বলে জেমস ফকনারের ক্যাচে পরিণত হয়ে হতাশা নিয়ে ফিরতে হয় দু প্লেসিকে।

৯৬ রান করা দু প্লেসির ৯৯ বলের ইনিংসটি সাজানো ৮টি চার ও ১টি ছক্কায়। অন্য প্রান্তে ৫৭ রানে অপরাজিত থাকেন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।

এর আগে ডেল স্টেইনের মারাত্মক বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে বড় লক্ষ্য দিতে পারেনি অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চ, ফিল হিউজ, গ্লেন ম্যাক্সওয়েল, ব্র্যাড হ্যাডিনদের বিদায় করে তিনিই দলের সেরা বোলার।

মাত্র ৩৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন স্টেইন। দুটি করে উইকেট নেয়া মর্নে মরকেল ও পার্নেলের অবদানও কম নয়।

শুরু থেকেই নিয়মিত উইকেট হারানো অস্ট্রেলিয়া ফিঞ্চের (৫৪) অর্ধশতকের পরও ১৪৪ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে।

সেখান থেকে ফকনার (৩৯) ও মিচেল স্টার্কের দৃঢ়তায় (২৯) দুইশ’ পার হয় দলটির সংগ্রহ। নবম উইকেটে সর্বোচ্চ ৭১ রানের জুটি গড়েন এই দুজনে। অস্ট্রেলিয়ার অর্ধশত রানের জুটি এই একটিই।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২১৭/৯ (ফিঞ্চ ৫৪, হিউজ ১৫, স্মিথ ১০, বেইল ১২, মার্শ ২৭, ম্যাক্সওয়েল ০, হ্যাডিন ৬, ফকনার ৩৯, জনসন ৬, স্টার্ক ২৯*, লিয়ন ০*; স্টেইন ৪/৩৪, পার্নেল ২/৪০, মরকেল ২/৫৮, ইমরান ১/৪০)

দক্ষিণ আফ্রিকা: ৪০.৫ ওভারে ২২১/৪ (আমলা ৫১, ডি কক ৭, দু প্লেসি ৯৬, পার্নেল ৬, ডি ভিলিয়ার্স ৫৭*, ডুমিনি ০*; স্মিথ ১/৯, ম্যাক্সওয়েল ১/১২, জনসন ১/৫২, ফকনার ১/৫৪)

ম্যাচ সেরা: ডেল স্টেইন।
সিরিজ সেরা: ফাফ দু প্লেসি।