অবশেষে টেস্টে শুভাগত
ব্যাটিং গভীরতা বাড়াতে শুভাগত হোম চৌধুরীকে দলে নিয়েছে বাংলাদেশ। তাতে টেস্ট অভিষেকটাও হয়ে গেল এ অলরাউন্ডারের।
শুক্রবার কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন শুভাগতকে টেস্ট ক্যাপ পরিয়ে দেন বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক নাঈমুর রহমান।
২০১১ সালে জিম্বাবুয়ে সফরে ওয়ানডে অভিষেক হয় শুভাগতর। সেই সিরিজে তিনটি ম্যাচ খেলেছিলেন তিনি। এরপর দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ওয়ানডে খেলার পর দলে উপেক্ষিতই ছিলেন তিনি।
জাতীয় দলের হয়ে খুব একটা খারাপ না খেললেও ঘরোয়া ক্রিকেটে ভালো করতে না পারায় জাতীয় দলে জায়গা হারান শুভাগত। তবে দলে ফেরার আশা ছাড়েননি তিনি। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও মনোযোগ বাড়াতে থাকেন তিনি। এবার তারই পুরস্কার মিলল ২৭ বছর বয়সী অলরাউন্ডারের।
জাতীয় ক্রিকেট লিগে ঢাকা বিভাগের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে আবার নজরে আসেন শুভাগত। সেই আসরে ষষ্ঠ সর্বোচ্চ এই রান সংগ্রাহক ১০ ইনিংসে দুটি শতকসহ ৪৭.৮০ গড়ে ৪৭৮ রান করেন। আর বোলিংয়ে ৩১.৩৩ গড়ে ১৫ উইকেট নেন তিনি।
সোহাগ গাজীর চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ ‘এ’ দলে শেষ মুহূর্তে সুযোগ হয় শুভাগতর। একটি চার দিনের ম্যাচে খেলেন তিনি। দ্বিতীয় ইনিংসে ১৫৩ বলে ৩৯ রানের দৃঢ়তা ভরা ইনিংস খেলে দলকে ম্যাচ ড্রয়ে সাহায্য করেন তিনি।
ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ের সাফল্যেই টেস্ট দলে জায়গা পান শুভাগত। সেন্ট কিটস ও নেভিসের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে ৩ উইকেট নিয়ে নিজের সামর্থ্যের প্রমাণও দেন তিনি।
প্রস্তুতি ম্যাচে প্রথম ইনিংসে খেলেন ৪৮ রানের চমৎকার এক ইনিংস। তার অন্তর্ভূক্তিতে আট নম্বরেও ব্যাটসম্যান পাচ্ছে বাংলাদেশ।
২০১০ সালে বরিশাল বিভাগের বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় শুভাগতর। এ পর্যন্ত ৩৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৫টি শতক ও ১১টি অর্ধশতকসহ ৪০.২২ গড়ে তার রান ২ হাজার ১১। আর ২৯.৯৫ গড়ে নেন ৪৬ উইকেট।
