২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইজুলের স্বপ্নপূরণ

সাকিব আল হাসান, আব্দুর রাজ্জাক, সোহাগ গাজীদের অনুপস্থিতিতে তাইজুলের টেস্ট অভিষেক প্রায় নিশ্চিতই ছিল। সোহাগের জায়গায় শেষ মুহূর্তে ইলিয়াস সানি দলে এলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে তাইজুলের ওপরই আস্থা রেখেছে বাংলাদেশের নির্বাচকরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2014, 08:55 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

কিংসটাউনে শুক্রবার শুরু হওয়া প্রথম টেস্টে তাইজুল টেস্ট টুপি নেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের কাছ থেকে।

বড় দৈর্ঘ্যের ক্রিকেটে সময়টা দারুণ কাটছে তাইজুলের। ২২ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার এ পর্যন্ত ১৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ২৩.৩৬ গড়ে নেন ৯১ উইকেট। ইনিংস সেরা ৮/৮৬ ও ম্যাচ সেরা ১২/১২২। পাঁচ উইকেট নেন ৮ বার আর ১০ উইকেট নেন চারবার।

গত মে মাসে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) দুর্দান্ত বোলিং করে নজর কাড়েন তাইজুল। ফাইনালে প্রথম ইনিংসে ৮৬ রানে ৮ উইকেট নেয়ার পর জাতীয় দলে খেলার স্বপ্নের কথা জানান তিনি।

তার চার মাসের মধ্যেই স্বপ্নটা পূরণ হয়ে গেল ২২ বছর বয়সী তাইজুলের।

গত জুনে বালাদেশ ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর করেন তাইজুল। দুটি চার দিনের ম্যাচ খেলেন তিনি। প্রথমটিতে দুই ইনিংসেই তিনটি করে উইকেট নেন তিনি। আর পরের ম্যাচে সব মিলিয়ে নেন তিন উইকেট।

সেন্ট কিটস ও নেভিসের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচেও ৩ উইকেট নেন তাইজুল।

২০১১ সালে রাজশাহী বিভাগের হয়ে বরিশাল বিভাগের বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়া তাইজুল বাংলাদেশের ৭২তম টেস্ট ক্রিকেটার।