২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিসবাহকে সমর্থন আফ্রিদির

দল হেরে যাওয়ায় আবারো সমলোচনার মুখে মিসবাহ-উল-হক। সম্প্রতি শ্রীলঙ্কা সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজে হারের পর পাকিস্তান দলের নেতৃত্বে মিসবাহকে সরিয়ে শহীদ আফ্রিদিকে ফিরিয়ে আনার পক্ষেও নাকি অনেকে মত দিয়েছেন। তবে স্বয়ং আফ্রিদি মিসবাহর পক্ষেই কথা বললেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2014, 06:23 PM

Updated : 13 Oct 2022, 12:32 PM

গত মাসে শ্রীলঙ্কায় দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে হেরে যায় পাকিস্তান। ব্যাট হাতেও ব্যর্থ ছিলেন মিসবাহ।

তবে ৪০ বছর বয়সী মিসবাহের উপরেই আস্থা রাখছেন সাবেক অধিনায়ক আফ্রিদি।

“মিসবাহ গত কয়েক বছর ধরে দলটাকে ভালোভাবে নেতৃত্ব দিচ্ছেন এবং (এই সময়ে) তিনিই আমাদের সেরা ব্যাটসম্যান। তাই আমার মতে একটা সিরিজ খারাপ গেলেও তাকেই আমাদের সমর্থন দেয়া প্রয়োজন।”

অধিনায়ক ও ব্যাটসম্যান হিসেবে একটা সিরিজ খারাপ যাওয়ায় মিসবাহকে কাঠগড়ায় দাঁড় করানোটাও উচিত নয় বলে মনে করেন অলরাউন্ডার আফ্রিদি। তাছাড়া সাফল্য পেতে শুধু অভিজ্ঞরাই নয়, দলের উঠতি খেলোয়াড়দেরও দায়িত্ব নিতে হবে বলে মনে করেন আফ্রিদি।

২০১০ সাল থেকে দেশের টেস্ট দলের অধিনায়কের দায়িত্বে আছেন মিসবাহ। আর ২০১১ সালের বিশ্বকাপ শেষে আফ্রিদির জায়গায় ওয়ানডে অধিনায়কেরও দায়িত্ব পান মিসবাহ।