১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টস-কাণ্ডে সৌরভকে কয়েক ম্যাচ নিষিদ্ধ করতেন শ্রীনাথ

নব্বই দশকের শেষ দিকে ভারতীয় ক্রিকেটকে নাড়িয়ে দেওয়া ম্যাচ ফিক্সিং বিতর্ক নিয়েও কথা বলেন দেশটির সাবেক এই পেসার।

টস-কাণ্ডে সৌরভকে কয়েক ম্যাচ নিষিদ্ধ করতেন শ্রীনাথ
সৌরভ গাঙ্গুলি ও জাভাগাল শ্রীনাথ (ডানে)। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2026, 05:43 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

দুই যুগ আগের বোর্ডার-গাভাস্কার ট্রফির একটি বিতর্কিত ঘটনা নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে নিজের ভাবনা জানিয়েছেন জাভাগাল শ্রীনাথ। সাবেক ভারতীয় বোলার বলেছেন, সেসময় ম্যাচ রেফারি থাকলে টসে দেরি করে আসার জন্য সৌরভ গাঙ্গুলিকে কয়েক ম্যাচ নিষিদ্ধ করতেন তিনি।

ঘটনাটি ২০০১ সালে, ইডেন গার্ডেন্স টেস্টের। টসের জন্য অপেক্ষা করছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ ওয়াহ। কিন্তু ভারত অধিনায়ক সৌরভের দেখা নেই। অনেকটা সময় পর টস করতে যান তিনি। এই কাণ্ড তখন তীব্র আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

ওই ঘটনাকে অস্ট্রেলিয়া দলকে অস্বস্তিতে ফেলার ভারতীয় দলের কৌশল হিসেবে দেখা হয়েছিল। যদিও সৌরভ পরে বলেছিলেন, ব্লেজার খুঁজে না পাওয়ার কারণে তখন টস করতে যেতে দেরি হয়েছিল তার। শেষ পর্যন্ত সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল ভারত।

ওই সিরিজের দলে থাকা শ্রীনাথ সম্প্রতি এ বিষয়ে বলেন, সে সময় ম্যাচ রেফারি থাকলে সৌরভের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতেন তিনি। এখন ক্রিকেটের অভিজ্ঞ ও নামকরা ম্যাচ রেফারিদের একজন ভারতের হয়ে ৬৭ টেস্ট ও ২২৯ ওয়ানডে খেলা শ্রীনাথ।

দা টাইমস অব ইন্ডিয়াকে ৫৬ বছর বয়সী সাবেক পেসার বলেন, “আমি সৌরভকে কয়েক ম্যাচের জন্য নিষিদ্ধ করতাম।”

ভারতীয় অধিনায়ক হিসেবে অবশ্য সৌরভের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন শ্রীনাথ। তার মতে, তরুণ প্রতিভাদের গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সৌরভ, যারা পরবর্তী সময়ে ভারতের ক্রিকেটকে এগিয়ে নিয়েছিল। বিশেষ করে, ইউভরাজ সিং, হরভজন সিং ও ভিরেন্দার শেবাগের কথা আলাদা করে উল্লেখ করেন শ্রীনাথ।

টসের ওই ঘটনা ছাড়াও সে সময়ের ভারতীয় ক্রিকেটের বৃহত্তর প্রেক্ষাপট নিয়ে কথা বলেছেন শ্রীনাথ। তার মতে, নব্বইয়ের দশকের শেষ দিকে ম্যাচ ফিক্সিংয়ের বিতর্কের পর ভারতীয় ক্রিকেটে বড় ধরনের পরিবর্তন এসেছিল।

“ভারতের প্রতিটি খেলোয়াড়ের মধ্যেই একটা দৃঢ় সংকল্প ছিল- সেই ভাবমূর্তি ফিরিয়ে আনতে হবে এবং বিশ্বকে প্রমাণ করতে হবে যে ক্রিকেট সবার ঊর্ধ্বে, ক্রিকেট পরিচ্ছন্ন।”