Published : 06 Aug 2026, 10:00 AM
মার্কো ইয়ানসেনের ফুল লেংথ বলটিকে দারুণ শটে গ্যালারিতে আছড়ে ফেললেন জস বাটলার। ছক্কা তো তিনি কতই মারেন, তবে এবারেরটি স্পেশাল। ওই শটেই যে তিনি পৌঁছে গেলেন সবার ওপরে! টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি উদযাপন করলেন পরের দুই বলেও ছক্কা মেরে। ম্যাচ শেষে শোনালেন রেকর্ডটি নিয়ে নিজের গর্বের কথাও। পাশাপাশি এটিও যোগ করলেন, রেকর্ডটি একদিন হয়তো হবে বৈভাব সুরিয়াভানশির!
সেই দিনটি এখনও অনেক দূরের পথ। আপাতত টি-টোয়েন্টিতে রানের রাজা বাটলার। মাস দেড়েক আগেই ক্রিস গেইলের দীর্ঘদিনের রাজত্বের অবসান ঘটিয়ে সবার ওপরে উঠেছিলেন কাইরন পোলার্ড। এবার ক্যারিবিয়ান গ্রেটকে ছাড়িয়ে গেলেন ইংলিশ গ্রেট।
পোলার্ডের চেয়ে ২১ রান পেছনে থেকে দা হান্ড্রেডে বুধবার ম্যানচেস্টার সুপার জায়ান্টসের হয়ে খেলতে নেমেছিলেন বাটলার। ওয়েলশ ফায়ারের বিপক্ষে ছয় ছক্কায় ২০ বলে ৫১ রানের ইনিংসের পথে রানের রেকর্ডটি নিজের করে নেন তিনি।
গত মাসে মেজর লিগ ক্রিকেট শেষে পোলার্ডের রান এখন ৬৬৩ ইনিংসে ১৪ হাজার ৮০৩। ৪৯২ ইনিংস খেলেই বাটলারের রান ১৪ হাজার ৮৩৩।
‘ইউনিভার্স বস’ গেইলের ক্যারিয়ার শেষ হয়েছে ৪৫৫ ইনিংসে ১৪ হাজার ৫৬২ রান করে। ২০১৪ সালের মার্চ থেকে রেকর্ডটি ছিল তার। ১২ বছরের বেশি সময় পর টি-টোয়েন্টির ব্র্যাডম্যানকে ছাড়িয়ে যান পোলার্ড।
গেইল ও বাটলারের চেয়ে পোলার্ডের ইনিংস অনেক বেশি লাগার কারণটাও অনুমেয়। বাটলার তার ৪৯২ ইনিংসের ৩০৭টিই খেলেছেন ব্যাটিং অর্ডারের শীর্ষ তিনে, গেইলের ৪৫৫ ইনিংসের ৪৪৯টিই টপ অর্ডারে, সেখানে পোলার্ড মূলত মিডল ও লোয়ার মিডল অর্ডারেই খেলেছেন বেশি। ৬৬৩ ইনিংসের ৫৪১টিতেই তিনি ব্যাট করেছেন পাঁচ নম্বর বা এর নিচে। চারে নেমেছেন ১০০ ইনিংসে, তিনে মাত্র ২২টি। তার পরও রানের রেকর্ডের ওপরের দিকে জায়গা করে নেওয়াটাই পোলার্ডের জন্য বিশাল কৃতিত্বের।
পোলার্ড ও বাটলার এখনও খেলছেন। রানের রেকর্ডটি তাই সামনে আরও কয়েক দফায় হাতবদল হতে পারে। পোলার্ড যেমন সামনেই খেলবেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। যদিও ৩৯ বছর বয়সী ক্যারিবিয়ান অলরাউন্ডারকে নিশ্চিতভাবেই একটা সময় পরিষ্কার ব্যবধানে পেছনে ফেলবেন ৩৫ বছর বয়সী ইংলিশ কিপার-ব্যাটার।
দা হান্ড্রেডে পোলার্ড খেলছেন না, তবে আছেন এমআই লন্ডনের কোচিং স্টাফে। রেকর্ডের পর সেটি মনে করিয়ে দিলেন বাটলার। পাশাপাশি বললেন, রানের এই রেকর্ড একদিন সুরিয়াভানশির হবে।
“আসলে ভাবতেই খুব ভালো লাগছে যে, টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান এখন আমার। অবশ্যই একদিন কেউ এটাকে ছাড়িয়ে যাবে এবং তার নাম সম্ভবত (বৈভাব) সুরিয়াভানশি। কিন্তু এটা একটা গর্বের মুহূর্ত।”
“আমরা গত ম্যাচে এমআই লন্ডনের বিপক্ষে খেলেছি এবং পলি (পোলার্ড) যখন ডাগআউটে বসে ছিলেন, তখন তাকে ছাড়িয়ে যেতে পারলে ভালো লাগত। তবে এই তালিকায় কিছু দারুণ নাম, কিছু স্পেশাল ক্রিকেটার আছেন, তাই আমি এ নিয়ে সত্যিই গর্বিত।”
সুরিয়াভানশির বয়স মোটে ১৫, ম্যাচ খেলেছেন কেবল ৪০টি, রান পেরিয়েছে সবে দেড় হাজার। এখনই তাকে নিয়ে বাটলারের এমন ভবিষ্যদ্বাণীতে আরও একবার ফুটে উঠছে ভারতের বিস্ময়-বালকের অবিশ্বাস্য প্রতিভার দিকটিই।