১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বাটলারের ব্যাটে ঝড়, সাড়ে ৪ বছর পর টি-টোয়েন্টিতে করলেন সেঞ্চুরি

ভারতের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে এই সংস্করণে দ্বিতীয় সেঞ্চুরি পেলেন এই ইংলিশ ক্রিকেটার।

বাটলারের ব্যাটে ঝড়, সাড়ে ৪ বছর পর টি-টোয়েন্টিতে করলেন সেঞ্চুরি
ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সেঞ্চুরি করলেন জস বাটলার। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2026, 01:58 AM

Updated : 11 Sep 2026, 03:38 PM

আকসার প্যাটেলের বল স্কয়ার লেগের ওপর দিয়ে ছক্কায় ওড়ালেন জস বাটলার। তাতেই সাড়ে চার বছরের বেশি সময় পর, টি-টোয়েন্টিতে আবার তিন অঙ্ক স্পর্শ করলেন ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান। 

সাউথ্যাম্পটনে শনিবার ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে এই সংস্করণে দ্বিতীয় সেঞ্চুরি পান বাটলার।

এই সংস্করণে ক্যারিয়ার সর্বোচ্চ ১৩১ রান করলেন বাটলার। ভারতের বিপক্ষে এই সংস্করণে কোনো ইংলিশ ক্রিকেটারেরও এটা সর্বোচ্চ ইনিংস।

চলতি বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরোপুরি ব্যর্থ ছিলেন বাটলার; আট ইনিংসে ১০.৮৭ গড়ে করতে পারেন স্রেফ ৮৭ রান। তাতে তার আন্তর্জাতিক ক্যারিয়ার পড়ে যায় হুমকির মুখে। তবে, ভারতের বিপক্ষে সিরিজের জন্য তার ওপর ভরসা রাখে কোচ-নির্বাচকরা।

এখানেও সিরিজের শুরুটা বাজে হয় তার, প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর, দ্বিতীয় ম্যাচে আউট হন শূন্য রানে। পরের দুই ম্যাচে ৩৬ ও ৮ রান করার পর, এবার নিজেকে স্বরূপে মেলে ধরতে পারলেন তিনি।

দ্বিতীয় ওভারেই ফিরে যান ফিল সল্ট, তবে সেই ধাক্কা দলকে বুঝতে দেননি বাটলার। অধিনায়ক হ্যারি ব্রুকের সঙ্গে রেকর্ড জুটিতে গড়ে তোলেন রানের পাহাড়। 

যদিও শুরুটা আহামরি ছিল না। তৃতীয় ওভার শেষে বাটলারের রান ছিল ৬ বলে ৭। প্রাসিধ কৃষ্ণার করা পরের ওভারে চার ও ছক্কা হাঁকিয়ে ডানা মেলেন তিনি। পরের ওভারে আর্শদিপ সিংকেও একটি করে মারেন চার ও ছক্কা।

মাঝে কিছুটা সময় দেখেশুনে খেলেন বাটলার, আর সেই সময় ঝড় তোলেন ব্রুক। চার-ছক্কার ঝড়ে ওপেনারের আগেই পঞ্চাশ ছুঁয়ে ফেলেন ব্রুক (১৯ বলে)।

পরের ওভারেই চার মেরে হাফ-সেঞ্চুরি করেন বাটলার, ৩৪ বলে। পঞ্চদশ ওভারে  প্রিন্স ইয়াদাভের ওপর ঝড় বইয়ে দেন তিনি, দুটি করে চার ও ছক্কা হাঁকান, পৌঁছে যান ৯৩ রানে। পরের ওভারে প্রথম বলে ডাবল নিয়ে, দ্বিতীয় বল বাউন্ডারিতে আছড়ে ফেলে ৫১ বলে কাঙ্ক্ষিত ঠিকানায় পা রাখেন তিনি।

সেঞ্চুরি ছোঁয়ার পরপরই একবার সুযোগ দিয়েছিলেন বাটলার, কিন্তু তার ক্যাচ নিতে পারেননি ফিল্ডার।

শিভাম দুবের করা শেষের আগের ওভারে প্রথম তিন বলে দুটি ছক্কা ও চার মেরে, চতুর্থ বলে ক্যাচ দিয়ে শেষ হয় বাটলারের দারুণ ইনিংসটি। ৬৪ বলে ১২টি চার ও আটটি ছক্কায় ১৩১ রানের ইনিংস সাজান তিনি।       

এই সংস্করণে তার আগের সর্বোচ্চ ছিল অপরাজিত ১০১; ২০২১ সালের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম সেঞ্চুরিটি করেছিলেন বাটলার।

তার বিদায়ে থামে দ্বিতীয় উইকেটে ২৩৩ রানের জুটি।

বাটলার ফিরে গেলেও, শেষ পর্যন্ত টিকে থাকেন ব্রুক। শেষ ওভারে সেঞ্চুরির জন্য তার দরকার ছিল ১৪ রান, কিন্তু ৯ রানের বেশি নিতে পারেননি তিনি। ৪৫ বলে চারটি চার ও আটটি ছক্কায় ৯৫ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন ব্রুক।

২০ ওভারে তিন উইকেটে ২৫৭ রান করে ইংল্যান্ড। এই সংস্করণে টানা দুইবারের বিশ্বকাপ জয়ী ভারতের বিপক্ষে এটাই যেকোনো দলের সর্বোচ্চ স্কোর।