২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষের শুরুতে ব্যর্থ জয়াবর্ধনে

কলম্বো টেস্টে ক্রিকেট বিশ্ব তাকিয়ে ছিল মাহেলা জয়াবর্ধনের দিকে। তবে হতাশ করেছেন শ্রীলঙ্কার এই ব্যাটিং কিংবদন্তি, নিজের শেষ টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪ রান করে ফিরেছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2014, 06:43 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

আউট হয়ে সাজঘরে ফিরে যাচ্ছেন শ্রীলঙ্কার ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে। ক্যারিয়ারের শেষ টেস্টের প্রথম ইনিংসে ৪ রান করেন তিনি। ছবি: রয়টার্স আউট হয়ে সাজঘরে ফিরে যাচ্ছেন শ্রীলঙ্কার ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে। ক্যারিয়ারের শেষ টেস্টের প্রথম ইনিংসে ৪ রান করেন তিনি। ছবি: রয়টার্স

আউটটা যেন মেনেই নিতে পারছেন না উপুল থারাঙ্গা! মাত্র ৮ রানের জন্য ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট শতক পাননি শ্রীলঙ্কার এই উদ্বোধনী ব্যাটসম্যান। ছবি: রয়টার্স আউটটা যেন মেনেই নিতে পারছেন না উপুল থারাঙ্গা! মাত্র ৮ রানের জন্য ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট শতক পাননি শ্রীলঙ্কার এই উদ্বোধনী ব্যাটসম্যান। ছবি: রয়টার্স

সাঙ্গাকারার বল ছুটছে বাউন্ডারির দিকে। তা ঠেকাতে ঊর্ধ্বশ্বাসে ছুটছেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল হক। ছবি: রয়টার্স সাঙ্গাকারার বল ছুটছে বাউন্ডারির দিকে। তা ঠেকাতে ঊর্ধ্বশ্বাসে ছুটছেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল হক। ছবি: রয়টার্স

জয়াবর্ধনের বিপক্ষে এলবিডাব্লুর সফল আবেদন পাকিস্তানের অফস্পিনার আজমলের। ক্যারিয়ারের শেষ টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪ রান করেন শ্রীলঙ্কার ব্যাটসম্যান। ছবি: রয়টার্স জয়াবর্ধনের বিপক্ষে এলবিডাব্লুর সফল আবেদন পাকিস্তানের অফস্পিনার আজমলের। ক্যারিয়ারের শেষ টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪ রান করেন শ্রীলঙ্কার ব্যাটসম্যান। ছবি: রয়টার্স

দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে স্বস্তিতে নেই শ্রীলঙ্কা। দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা দলটির সংগ্রহ ৮ উইকেটে ২৬১ রান।

ঘরের মাঠে বিদায় নেয়ার সুযোগ করে দিতে এই টেস্টটি পি সারা ওভাল থেকে সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে সরিয়ে নেয় শ্রীলঙ্কা ক্রিকেট।

এসএসসিতে যত রান রয়েছে জয়াবর্ধনের, এক ভেন্যুতে তার চেয়ে বেশি রান নেই আর কোনো ব্যাটসম্যানের। নালন্দা কলেজের হয়ে সফল স্কুল ক্রিকেট ক্যারিয়ার শেষে এসএসসির হয়েই খেলেন জয়াবর্ধনে।

বৃহস্পতিবার এসএসসিতে টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কাকে ভালো সূচনা এনে দেন উপুল থারাঙ্গা। কৌশল সিলভার সঙ্গে ৭৯ রানের উদ্বোধনী জুটির পর দ্বিতীয় উইকেটে কুমার সাঙ্গাকারার সঙ্গে ৬৫ রানের আরেকটি ভালো জুটি উপহার দেন তিনি।

১ উইকেটে ১৪৪ রানে পৌছে যাওয়া শ্রীলঙ্কা অস্বস্তিতে পড়ে দলের সেরা দুই ব্যাটসম্যানের দ্রুত বিদায়ে। সাঙ্গাকারা ২২ রান করলেও জয়াবর্ধনের ইনিংস স্থায়ী হয় মাত্র ১৬ বল। অফস্পিনার সাঈদ আজমলের এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন তিনি।

তবে লড়াই চালিয়ে যাচ্ছিলেন থারাঙ্গা (৯২)। দলকে কক্ষপথে রাখলেও মাত্র ৮ রানের জন্য শতক থেকে বঞ্চিত হন তিনি। তার ১৭৯ বলের ইনিংসটি ১২টি চার সমৃদ্ধ।

এরপর আর তেমন কোনো জুটি গড়তে পারেনি শ্র্রীলঙ্কা। শেষ সেশনে ৬ উইকেট তুলে নিয়ে দিন শেষে সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেছে অতিথিরা।

দুই অঙ্কে পৌঁছালেও নিজেদের ইনিংস বড় করতে পারেননি লাহিরু থিরিমান্নে আর নিরোশান ডিকওয়েলা। দুইজনকেই ফেরান বাঁহাতি পেসার জুনায়েদ খান। আর অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসকে আরেক বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজ ফেরালে সেখানেই দিনের খেলা শেষ হয়ে যায়।

৬৯ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার জুনায়েদ। তিন বছর পর টেস্ট খেলা ওয়াহাব ৩ উইকেট নেন ৬৬ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ২৬১/৮ (থারাঙ্গা ৯২, সিলভা ৪১, সাঙ্গাকারা ২২, জয়াবর্ধনে ৪, ম্যাথিউস ৩৯, থিরিমান্নে ২০, ডিকওয়েলা ২৪, পেরেরা ০, প্রসাদ ৪*; জুনায়েদ ৪/৬৯, ওয়াহাব ৩/৬৬, আজমল ১/৬৭)