'মাস্ক' পরে খেলবেন ব্রড
ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী পঞ্চম ও শেষ টেস্টে 'মাস্ক' পরে খেলতে পারেন স্টুয়ার্ট ব্রড। ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্টে ব্যাট করার সময় নাক ভেঙে গেছে ইংল্যান্ড পেসারের।
মাস্ক পরে খেলার সম্ভাবনার খবর ব্রড নিজেই দেন।
রোববার ইংল্যান্ডের এই পেসার টুইট করেন, "আজ (রোববার) সকালে সামান্য ব্যথা আছে, কিন্তু খুব একটা খারাপ অবস্থা নয়। ওভালে যাচ্ছি (মাস্কসহ)।"
শনিবার ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের তৃতীয় দিনে ভারতের পেসার বরুন অ্যারনের করা একটি বল হেলমেটের ফাঁক গলে ব্রডের নাকে আঘাত করে। এরপর আর ব্যাট করতে পারেননি তিনি।
২৮ বছর বয়সী ব্রডকে পঞ্চম ও শেষ টেস্টের দলে রেখেছে ইংল্যান্ড। আগামী শুক্রবার থেকে শুরু হতে চলা এই টেস্টের আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে বিশ্বাস ইংল্যান্ড দলের কর্মকর্তাদের। তাই খেললেও চোট এড়াতে বিশেষ মাস্ক পরবেন ব্রড।
তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে আরেকবার বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের প্রথম ইনিংসে ২৫ রানে ৬ উইকেট নেয়া ব্রড।
৫ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা ইংল্যান্ড ওভাল টেস্ট ড্র করতে পারলেই সিরিজ জিতবে।
